অর্ধশত সিনেমার বছরে ব্যবসাসফল দুই ছবি!
ছবি: কোলাজ
আব্দুল্লাহ আল মামুন
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩ | ১৩:০৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ | ১৩:১৫
২০২৩ সালে মুক্তি পেয়েছে মোট ৫০টিরও অধিক সিনেমা। এরমধ্যে ব্যবসা সফল হয়েছে হাতেগোনা কয়েকটি। বছরজুড়ে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় রয়েছে ব্ল্যাকওয়ার, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, সাঁতাও, ভাগ্য,বীরকন্যা প্রীতিলতা,কথা দিলাম,মন দিয়েছি তারে,বুবুজান, মায়ার জঞ্জাল, ওরা ৭ জন, জে কে ১৯৭১, একটি না-বলা গল্প, রেডিও,লিডার: আমিই বাংলাদেশ,লোকাল,জ্বীন, শত্রু,আদম,কিল হিম, পাপ, প্রেম প্রীতির বন্ধন,আদিম, মা,সুলতানপুর, আমি টোকাই,যেমন জামাই তেমন বউ, ফিরে দেখা, ফুলজান, প্রিয়তমা, সুড়ঙ্গ, প্রহেলিকা, লাল শাড়ি, ক্যাসিনো, মাইক, গোয়িং হোম, ১৯৭১ সেই সব দিন, আম কাঁঠালের ছুটি, এমআর-৯, ঘর ভাঙা সংসার, সুজন মাঝি, অন্তর্জাল, বৃদ্ধাশ্রম, দুঃসাহসী খোকা, ইতি চিত্রা, মুজিব:একটি জাতির রূপকার, মেঘের কপাট, অসম্ভব, যন্ত্রণা,আজব ছেলে,মৃত্যুঞ্জয়ী প্রভৃতি।
এর বাইরেও মাল্টিপ্লেক্সে হলিউডের ছবির পাশাপাশি এ বছর আমদানি করা সিনেমা পাঠান,জওয়ান, টাইগার থ্রি, অ্যানিম্যাল, মানুষ মুক্তি পায়।
বছরের শেষ মুক্তি পাওয়া সিনেমার তালিকায়ও রয়েছে বলিউডের সিনেমা। শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ সিনেমা মুক্তির মাধ্যমেই দেশের সিনেমা হলগুলো ২০২৩-কে বিদায় জানাচ্ছে।
বিগত বছরের প্রথমার্ধে মুক্তি পেয়েছিল ১৮টির মতো সিনেমা; যার একটিও ব্যবসায়িকভাবে হল থেকে মুনাফা তুলতে পারেনি। এ বছরের প্রথমার্ধে সিনেমা মুক্তির সংখ্যা দ্বিগুণ হয়েছে। ঝুলিতে রয়েছে সুপারডুপার ব্যবসার খবরও।
বছরের প্রথম ছয় মাসে সিনেমা হলে মোট ৩৩টি সিনেমা মুক্তি পায়। এরমধ্যে ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ব্যাপক দর্শক টানে, মেলে ব্লকবাস্টার সুপারহিটের তকমা। শুধু দেশে নয়; দেশের বাইরেও সিনেমাটি ব্যবসার দিক থেকে একের পর এক রেকর্ড গড়েছে।
‘দেবী’ সিনেমার আয় টপকে উত্তর আমেরিকার বাজারে বিক্রির দিক থেকে বাংলাদেশের সেরা সিনেমার তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসে এসিনেমা। বছরের একেবারে শেষে এসে সিনেমাটির সেখানকার ডিস্ট্রিবিউটর সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো জানায়, উত্তর আমেরিকায় ২০২৩ সালেরসেরা বাংলাদেশি সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটি গ্রস বা মোট আয় করে ১ লাখ৩২ হাজার ২৩৫ ডলার।
একই ঈদে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমাটিও; যে সিনেমা দিয়ে নাটকের অভিনেতা আফরান নিশোর সিনেমায় অভিষেক হয়।সুড়ঙ্গও ব্যবসা পেয়েছে বলে জানিয়েছেন প্রযোজনা সংস্থা চরকি ও সিনেমাটির নির্মাতা রায়হান রাফি।দেশের বাইরে এসিনেমাও দর্শকের আগ্রহের জায়গায় ছিল। বছরের দ্বিতীয়ার্ধে ছবি মুক্তির সংখ্যা কমে আসে। মুক্তি পায় ১৭টির মতো দেশীয় সিনেমা; যা ২০২২ সালের প্রথম ছয় মাসেসিনেমা মুক্তির সমান।
তবে এই মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর একটিও হল থেকে মুনাফা তুলে আনতে পারেনি। বলা যায়, প্রতিটি সিনেমা দর্শক টানতেও ব্যর্থ হয়েছে।ছয় মাসের ছবিগুলোর ব্যবসায়িক হালহকিকত জানতে যোগাযোগ করা হলে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “ঈদে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ প্রদর্শন করে যতটা দর্শক পেয়েছি, সে তুলনায় ঈদের পরের বাংলা ছবিগুলো এর ধারেকাছেও যেতে পারেনি। বলতে গেলে বছরের দ্বিতীয়ার্ধে মুক্তি পাওয়া কোনো সিনেমাই দর্শক টানতে পারেনি। তবে ‘একাত্তরের সেইসব দিন’ ছবিতে দর্শক কিছুটা পেয়েছি। ‘এমআর-৯’ ও ‘অন্তর্জাল’ নিয়ে বড় প্রত্যাশা ছিল। প্রত্যাশার ধারেকাছেও দর্শক টানতে পারেনি ছবিগুলো।”
এই সময়ে ভারতের সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া হিন্দি সিনেমা ‘জওয়ান’ ব্যবসা করেছে। যদিও সিনেমার আয় এখন শুধু সিনেমাহল কেন্দ্রিক নেই। এর বাইরেও রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম, টিভি স্বত্ব বিক্রি, ডিজিটাল রাইটস, স্পন্সর এবং দেশের বাইরে মুক্তি থেকে আয়।