সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে অ্যাডভোকেট ফজলুর রহমান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৫০
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, সারা পৃথিবী বলে জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয় নাই। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়। সবাইকে সাবধান থাকতে হবে।
রোববার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নাশকতা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, বিএনপিকে ক্ষমতায় রাখতে চাইলে, তারেক রহমানকে ক্ষমতায় রাখতে চাইলে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি, ক্ষমতার দাপট দেখানো বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ কিন্তু খুব সচেতন। তিনি বলেন, আমাদের কিছু ভুল যে হয় নাই দুই বছরে তা না। আমরা দুই বছর কিছু ভুল করছি, মনে মনে তওবা করেন। তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে মানুষের সঙ্গে কোনো দিন প্রতারণা করতে পারেন না। বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য
জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আপনারা তাঁর পাশে দাঁড়ান।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আরও বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু প্রমুখ। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে জড়ো হন।
- বিষয় :
- ফজলুর রহমান
- জামায়াতে ইসলামী