ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ প্রশাসনে বড় পরিবর্তন

পুলিশ প্রশাসনে বড় পরিবর্তন
×

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১৮:০০

এক মাস পেরোতেই আবার পুলিশের মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন পদে রদবদল হয়েছে। এ ধাপে ১৬ উপমহাপরিদর্শক (ডিআইজি) ও ৩৫ অতিরিক্ত ডিআইজির পদমর্যাদার কর্মকর্তা বদলি হয়েছেন। এর মধ্যে রাজশাহী, রংপুর ও বরিশাল রেঞ্জের ডিআইজিসহ একই পদমর্যাদার ১৩ কর্মকর্তারও কর্মস্থল বদল করা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ১৩ জুন পুলিশের ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তা এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছিল। নির্বাচনের আগে পুলিশের মাঠ প্রশাসনে এই রদবদলকে ‘গুরুত্বপূর্ণ’ পদক্ষেপ বলে অনেকে মনে করছেন। সামনে এসপিসহ পুলিশ প্রশাসনের আরও কিছু পদে রদবদল আসতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে। পুলিশ সদরদপ্তরের এক কর্মকর্তা জানান, এসপি পদে রদবদল হলে ২৫তম ও ২৭তম ব্যাচের কর্মকর্তারা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া ২৮ ব্যাচের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে পদোন্নতিপ্রত্যাশী। শিগগিরই আরও সাত থেকে আট জেলার পুলিশ সুপার পদে আসতে পারে নতুন মুখ।

এদিকে, পুলিশের উচ্চ পর্যায়ের ৭২০ কর্মকর্তার পদোন্নতি চেয়েছে পুলিশ সদরদপ্তর। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবটি পাওয়ার পর তা মূল্যায়নের জন্য একটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, শূন্য পদ না থাকলেও সুপারনিউমারারি বা সংখ্যাতিরিক্ত পদোন্নতি দিয়ে ইনসিটু (পদোন্নতির পরও আগের পদে দায়িত্ব পালন) করা যেতে পারে।

পুলিশ সদরদপ্তর ১৫তম বিসিএস ব্যাচ থেকে ১৬ জন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে (গ্রেড-২) অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) পদে পদোন্নতি চেয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ছয় কর্মকর্তা পুলিশ সদরদপ্তরে এবং অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে সিআইডি, পুলিশ টেলিকম, রেলওয়ে ও হাইওয়ে পুলিশ, পিবিআই, শিল্প পুলিশ, সন্ত্রাসবিরোধী ইউনিট (এটিইউ), সারদা পুলিশ একাডেমি, পুলিশ স্টাফ কলেজ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া পুলিশ সদরদপ্তর ১৭তম বিসিএস ব্যাচ থেকে ৩৪ জন ডেপুটি আইজিপিকে অতিরিক্ত আইজিপি, ২২তম ব্যাচের ১৫৭ অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে, ২৪তম ব্যাচের ২৬৬ এসপি পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি এবং ২৮তম ও ২৯তম ব্যাচ থেকে ২৪৭ জন অতিরিক্ত এসপিকে এসপি হিসেবে পদোন্নতির প্রস্তাব করেছে।

এদিকে, গতকালের প্রজ্ঞাপন অনুযায়ী সিআইডির ডিআইজি আবু কালাম সিদ্দিককে ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম নাহিদুল ইসলামকে সিআইডির দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিআইজি) বিপ্লব বিজয় তালুকদার রাজশাহীর পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আকতারুজ্জামানকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে ও হাইওয়ে পুলিশের ডিআইজি মোজাম্মেল হককে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনিসুর রহমানকে রাজশাহী রেঞ্জের এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেনকে রংপুর রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলীম মাহমুদকে অ্যান্টিটেররিজম ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি জামিল হাসান বরিশাল রেঞ্জের ডিআইজি এবং সম্প্রতি ডিআইজি পদে পদোন্নতি পাওয়া স্পেশাল ব্রাঞ্চের (এসবি) রখফার সুলতানা খানম সারদা পুলিশ একাডেমিতে বদলি হয়েছেন। ডিএমপির যুগ্ম কমিশনার জাকির হোসেন খানকে শিল্প পুলিশের ডিআইজি ও এসবির দায়িত্ব পালন করবেন একই শাখার সম্প্রতি পদোন্নতি পাওয়া ডিআইজি মনিরুজ্জামান। এ ছাড়া পুলিশ সদরদপ্তরের মোহাম্মদ আবদুল্লাহ বাকীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি করা হয়েছে। টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. মঈনুল ইসলামকে ঢাকা ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট এবং ঢাকা ট্রেনিং ড্রাইভিং কমান্ড্যান্ট নজরুল ইসলামকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টের (ডিআইজি) দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া বদলি হওয়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৫ কর্মকর্তার মধ্যে গাজীপুর মহানগরী পুলিশের অতিরিক্ত কমিশনার মো. দেলোয়ার হোসেনকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সরদারকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খানকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীকে নৌ পুলিশে, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. ফারুক হোসেনকে পুলিশের বিশেষ শাখা এসবিতে, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সামসুন নাহারকে পুলিশের বিশেষ শাখা এসবিতে, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানাকে পুলিশের বিশেষ শাখা এসবিতে এবং রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়কে রংপুর রেঞ্জে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে পুলিশ সদরদপ্তরে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ হারুন অর রশীদকে সিলেট রেঞ্জে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন রীনাকে হাইওয়ে পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার লিটন কুমার সাহাকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, অ্যান্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি আবদুল মান্নান মিয়াকে চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিমকে অ্যান্টিটেররিজম ইউনিটে, অ্যান্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হেমায়েতুল ইসলামকে রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত কমিশনার এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরীকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. হাসানুজ্জামানকে খুলনা রেঞ্জে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমাকে ট্যুরিস্ট পুলিশে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সল মাহমুদকে রাজশাহী রেঞ্জে, র‍্যাবের পরিচালক চৌধুরী মঞ্জুরুল কবিরকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদকে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট, রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট মো. আবদুর রাজ্জাককে বগুড়া ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, বগুড়া ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ আবু সায়েমকে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. মেহেদুল করিমকে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট এবং রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট এস এম আশরাফুজ্জামানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিতে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞাকে র‍্যাবের পরিচালক, বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুনকে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, পুলিশের বিশেষ শাখা এসবির অতিরিক্ত ডিআইজি মোহা. আহমার উজ্জামানকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত ডিআইজি, রাজশাহীর সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মো. হামিদুল আলমকে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট মো. রেজাউল করিমকে অ্যান্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান সমকালকে বলেন, যাদের পদায়ন করা হয়েছে, তাদের অনেকে আগেই পদোন্নতি পেয়েছেন। রদবদলের এটি চলমান প্রক্রিয়া। নতুনভাবে পদায়ন হলে স্বাভাবিকভাবে কিছু পদে নতুন লোক যাবে।

আরও পড়ুন

×