জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, থাকছে সাংবিধানিক গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: বাসস
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৭
আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ডিসেম্বরের মধ্যে কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। এরপর ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সংশোধনী বিল প্রণয়ন করবে।
রোববার জাতীয় সংসদে বিশেষ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের মৌলিক কোনো বিষয়ে সংশোধন আনা হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট অনুষ্ঠিত হবে। সংবিধানের প্রস্তাবনা, ১৪২ অনুচ্ছেদ বা সংশ্লিষ্ট সাংবিধানিক বিধানে পরিবর্তন এলে গণভোটের বাধ্যবাধকতা থাকবে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাধারণ গণভোট ও সাংবিধানিক গণভোট এক বিষয় নয়। সংবিধানের নির্দিষ্ট কিছু বিধানে পরিবর্তন আনা হলে সাংবিধানিক বিধান অনুযায়ী গণভোটের প্রয়োজন হতে পারে। জাতীয় পর্যায়ে কোনো নির্দিষ্ট বিষয়ে গণভোট আয়োজনের সুযোগ নিয়েও তিনি কথা বলেন।
১৪২ অনুচ্ছেদে গণভোটের বিধান
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদে আগে সাংবিধানিক গণভোটের বিধান ছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেটি বাতিল করা হয়। পরে পঞ্চদশ সংশোধনী বাতিলসংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের পর ১৪২ অনুচ্ছেদের ওই বিধান আবার কার্যকর হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, সংসদে সংবিধান সংশোধনী পাস হওয়ার পর যেসব পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বাধ্যবাধকতা থাকবে, সেগুলো রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটে পাঠানো হবে। গণভোটে পক্ষে ভোট পড়লে সংশোধনী অনুমোদিত হবে এবং এরপর রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করবেন।
তত্ত্বাবধায়ক সরকারও গণভোটের আওতায়
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধানও গণভোটের আওতায় রাখার প্রস্তাবের কথা জানিয়েছেন কমিটির সভাপতি। তিনি বলেন, ভবিষ্যতে কোনো সংসদ যাতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার সংশ্লিষ্ট বিধান পরিবর্তন করতে না পারে, সে জন্য ওই বিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির পক্ষ থেকেও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ আরও দুটি সাংবিধানিক বিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান
সংবিধান সংশোধনের কাজে বিরোধী দলের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধী দল কমিটিতে যোগ দিলে তাদের বক্তব্য ও প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। গ্রহণযোগ্য প্রস্তাবগুলো সবার মতামতের ভিত্তিতে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে।
তিনি বলেন, কমিটির পক্ষ থেকে বারবার বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তবে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষমতা কমিটির নেই; কমিটি শুধু আহ্বান জানাতে ও আশা করতে পারে। সরকার গুরুত্বপূর্ণ এই বিষয়ে বিভক্তি না রেখে ঐকমত্যের ভিত্তিতে কাজটি এগিয়ে নিতে চায় বলে জানান তিনি।
রোববারের বৈঠকে জাতীয় দৈনিকের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক ফোরামের প্রতিনিধিরা সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয়ে মতামত দেন। সংবিধানের প্রস্তাবনা, বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল নিয়েও মতামত পাওয়া গেছে। অংশগ্রহণকারীদের লিখিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জুলাই সনদ ও নির্বাচনি ইশতেহার বিবেচনায়
সংবিধান সংশোধনের ক্ষেত্রে জুলাই জাতীয় সনদকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান কমিটির সভাপতি। পাশাপাশি নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও বিবেচনায় নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়নি বা যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলোও বিবেচনায় নেওয়া হবে। বিএনপির নির্বাচনি ইশতেহারে সংবিধান সংশোধন-সংক্রান্ত যেসব প্রস্তাব রয়েছে, সেগুলোও আলোচনায় রাখা হবে।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের আলোচনায় রাজনৈতিক দলগুলোকে যুক্ত করার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণের মধ্য দিয়ে কাজটি এগিয়ে নিতে চায় বিশেষ কমিটি।
ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন, জানুয়ারিতে বিল
বিশেষ কমিটির সভাপতি বলেন, ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন সংসদে উপস্থাপনের জন্য জোর চেষ্টা চলছে। এরপর ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সংবিধান সংশোধনের বিল আনবে।
তিনি বলেন, আগামী বছরের প্রথম সংসদ অধিবেশন, অর্থাৎ জানুয়ারির অধিবেশনে বিলটি উত্থাপন হতে পারে। এরপর বিলের ওপর আলোচনা, সংশোধনী প্রস্তাব ও বিরোধিতা থাকলে সেগুলো বিবেচনা করে সাংবিধানিক প্রক্রিয়ায় সংশোধনী পাস হবে।
গণভোটের বাধ্যবাধকতা থাকা সংশোধনীগুলো রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটে পাঠানো হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
- বিষয় :
- স্বরাষ্ট্রমন্ত্রী
- সংবিধান
- গণভোট
- সংসদ