নির্মাতা রাফি আনসারীর ক্রাইম থ্রিলার ‘কামনা’
‘কামনা’ ফিল্মের একটি দৃশ্য
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৫১
ক্রাইম থ্রিলার গল্পে শর্টফিল্ম নির্মাণ করছেন রাফি আনসারী। গত ২৫ সেপ্টেম্বর উত্তরার লাবনী-৪ শুটিং হাউসে ‘কামনা’ নামের শর্টফিল্মটির প্রথম পর্বের শুটিং করেছেন তিনি। এতে অভিনয় করছেন নূর আলিফ ও খান রোশনি। বাকি অংশের শুটিং হবে আগামী ১০ অক্টোবর।
স্বাধীন চলচ্চিত্র নির্মাতা রাফি আনসারীর গল্প, চিত্রনাট্য ও নির্দেশনায় নির্মিত হচ্ছে এটি। খুনের একটি ঘটনাকে ঘিরে ‘কামনা’র গল্পে তৈরি হয় রহস্য। সেই রহস্যের সূত্র ধরে কাহিনি ধীরে ধীরে জটিল হয়ে এগিয়ে যায়।
শর্টফিল্মটিতে নূর আলিফ ও খান রোশনি ছাড়াও অভিনয় করেছেন শিখা কর্মকার, মাহমুদ আলম কচি, আশরাফুল আশিশ, মানহা, রাফিউল মুনিমসহ অনেকে।
দৃকপট ও ক্রিপ্টিক স্টুডিও ব্যানারে ইউটিউবে একাধিক থ্রিলার নাটক ও শর্টফিল্ম প্রকাশ করেছেন রাফি আনসারী। তার ‘কবর’ শর্টফিল্মটি প্রায় চার লাখ ভিউয়ের কাছাকাছি পৌঁছেছে। গত মে মাসে ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভৌতিক থ্রিলার ‘রুম ৩০৭’ও এরই মধ্যে লাখ ভিউ ছাড়িয়েছে।
রাফি আনসারীর ইউটিউব চ্যানেলে ‘নিশিথ বউ’, ‘মাংস’ ও ‘হারিকেন’ মুক্তি পাবে অক্টোবরে।
নির্মাতা জানিয়েছেন, ‘কামনা’ আগামী নভেম্বরে ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। এরপর একই মাসে অভিনয়শিল্পী ইফতেখার ইফতিসহ অন্যদের নিয়ে ‘আজান’ চিত্রনাট্যের শুটিং করবেন তিনি।
এর আগে গত সপ্তাহে রাফির নির্দেশনায় নির্মিত শর্টফিল্ম ‘প্রেমিক মজনু’ ও ‘স্পর্শের বাইরে’ ইউটিউবে প্রকাশিত হয়েছে। ‘স্পর্শের বাইরে’ শর্টফিল্মে এক পাগল প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন নূর আলিফ।
- বিষয় :
- শর্টফিল্ম