ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নাবিক হাদিসুরের মরদেহ আসছে রোববার

নাবিক হাদিসুরের মরদেহ আসছে রোববার
×

ছেলের ছবি হাতে হযরত শাহজালাল বিমানবন্দরে হাদিসুর রহমানের বাবা-মায়ের আর্তনাদ। ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২২ | ০৯:৫৪ | আপডেট: ১২ মার্চ ২০২২ | ০৯:৫৫

ইউক্রেনের বন্দরে রাশিয়ার মিসাইল হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিক হাদিসুর রহমানের মরদেহ রোববার রাত ৮টায় হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, হাদিসুরের মরদেহ নিয়ে তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটটি রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে শনিবার রাতে রওনা হবে। এরপর এটি তুরস্কের ইস্তাম্বুল হয়ে ঢাকা আসবে।

এর আগে শুক্রবার পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন সমকালকে জানিয়েছিলেন, শুক্রবার সকালে হাদিসুরের মরদেহ ইউক্রেন সীমান্ত অতিক্রম করে মলদোভায় পৌঁছে। এরপর মরদেহ সেখান থেকে বুখারেস্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

পরবর্তীতে রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানান, শুক্রবারই মরদেহ বুখারেস্টে পৌঁছেছে।

এর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর অলভিয়া বন্দরে আটকে পড়ে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি। সেখানে গত ২ মার্চ জাহাজটি হামলার শিকার হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমান প্রাণ হারান।

এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে মোট ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন। এর মধ্যে জীবিত ২৮ নাবিক বুধবার দেশে ফিরেছেন।

আরও পড়ুন

×