ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইভ্যালির রাসেলের জামিন আদেশ এক সপ্তাহ মুলতবি

ইভ্যালির রাসেলের জামিন আদেশ এক সপ্তাহ মুলতবি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩ | ১১:৫৪ | আপডেট: ১৫ মে ২০২৩ | ১১:৫৪

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার জামিন আদেশ এক সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) করেছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ দিন ধার্য করেন।

এর আগে গতকাল রোববার জামিন আবেদনর ওপর শুনানি শেষ হয়। আজ আদেশের দিন ধার্য ছিল।

আদালতে রাসেলের জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ইভ্যালির গ্রাহক মোহাম্মদ আলমগীর হোসেন বাদী হয়ে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইভ্যালি থেকে ইলেকট্রনিক পণ্য কেনার জন্য বিকাশ ও নগদের মাধ্যমে ২৮ লাখ টাকা পাঠান বাদী। ইভ্যালিতে অর্ডার করার ৪৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারির কথা থাকলেও ৭ মাস পেরিয়ে গেলেও তিনি তা পাননি।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক প্রদীপ কুমার দাস গত বছরের ১৬ সেপ্টেম্বর রাসেল দম্পতির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে গত ২ মার্চ  মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অভিযোগ গঠন করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে রাসেল দম্পতিকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। রাসেলের স্ত্রী শামীমা নাসরিন বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।

আরও পড়ুন

×