ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান আন্দোলনকারীদের, নেই নুর ও নন্দী

উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান আন্দোলনকারীদের, নেই নুর ও নন্দী
×

উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ডাকসু নির্বাচন বর্জনকারী পাঁচ প্যানেলের নেতৃবৃন্দ -সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০১৯ | ০৯:০৬ | আপডেট: ১৮ মার্চ ২০১৯ | ০৯:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুনঃতফসিলসহ পাঁচ দফা দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন নির্বাচন বর্জনকারী পাঁচ প্যানেলের নেতৃবৃন্দ। 

সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে সেখানে অবস্থান নেন তারা।

তাদের দাবিগুলো হলো- অবিলম্বে নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ব্যর্থতার দায় স্বীকার উপাচার্যের পদত্যাগ, নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর পদত্যাগ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহার।

প্যানেলগুলোর নেতৃবৃন্দ উপাচার্য কার্যালয়ের সামনে বসে বিভিন্ন ধরণের স্লোগান ও বিদ্রোহী সঙ্গীত গাওয়ার মাধ্যমে প্রতিবাদ জানায়। তবে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর ও বামজোটের ভিপি লিটন নন্দীকে সেখানে দেখা যায়নি। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের প্যানেলের জিএস প্রার্থী মুহাম্মদ রাশেদ খান, বামজোটের প্যানেলের সংস্কৃতি সম্পাদক রাজিব দাস, স্বতন্ত্র শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান, স্বাধীকার স্বতন্ত্র পরিষদ সমর্থিত জিএস প্রার্থী এ আর এম আসিফুর রহমান, ছাত্র ফেডারেশনের জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজির প্রমুখ।

আন্দোলনকারীরা বলেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পুনঃনির্বাচন দেয়াসহ পাঁচ দফা দাবিতে আমরা এখানে অবস্থান করছি। উপাচার্য আমাদের সঙ্গে কথা না বলা পর্যন্ত এখান থেকে আমরা উঠব না।

স্বতন্ত্র জোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অরণি সেমন্তি খান বলেন, স্যার বলেছিলেন, আমাদের লিখিত অভিযোগ দিতে। আমরা দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা তিনদিনের সময় দিয়েছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা এখন ভিসি স্যারের কার্যালয়ের সামনে এসে অবস্থান নিয়েছি। স্যার আমাদের কথা শুনতে বাধ্য।

দুপুর ২ টার দিকে সহকারী প্রক্টর আব্দুর রহিম উপাচার্যের পক্ষ থেকে পাঁচ প্যানেলের নেতৃবৃন্দকে তাদের দাবি লিখিত আকারে উপাচার্য বরাবর পেশ করতে বলেন। 

এর আগে দুপুর ১২ টার দিকে পাঁচ প্যানেলের নেতৃবৃন্দ রাজু ভাস্কর্যের সামনে জড়ো একত্রিত হন। এর তারা তাদের দাবি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন।

আরও পড়ুন

×