ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধা যাচাই নিয়ে অসন্তোষ হাইকোর্টের

মুক্তিযোদ্ধা যাচাই নিয়ে অসন্তোষ হাইকোর্টের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০১৯ | ১৪:০৭

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। পাশাপাশি কুমিল্লার হোমনা থানার মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধানকে তলব করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া নোটিশের কার্যক্রমও ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। 

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  সোমবার রুল জারিসহ এ আদেশ দেন। শুনানিতে হাইকোর্ট বলেন, 'এটি দুর্ভাগ্যজনক যে, স্বাধীনতার প্রায় ৫০ বছর পরও জাতির শ্রেষ্ঠ সন্তানদের আমরা এখনও যাচাই-বাছাই করে চলেছি- তারা শ্রেষ্ঠজন কি-না!'

রুলে আবুল কাশেম প্রধানকে তলব করে দেওয়া নোটিশের কার্যকারিতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা), আইন সচিবসহ সংশ্নিষ্টদের এর জবাব দিতে বলা হয়েছে। আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অমিত দাসগুপ্ত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

আদেশের পর অমিত দাস গুপ্ত সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধাদের লাল মুক্তিবার্তায়, তাদের নিয়ে প্রকাশিত গেজেট, প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাময়িক সনদ এবং চূড়ান্ত তালিকায় কুমিল্লার হোমনা থানার মুক্তিযোদ্ধা হিসেবে আবুল কাশেম প্রধানের নাম রয়েছে। একাধারে তিনি হোমনা থানা মুক্তিযোদ্ধা কামান্ডার ও ডেপুটি কমান্ডার হিসেবে নির্বাচিত হয়েছিলেন বলেও গেজেট রয়েছে।

তবে এত কিছু থাকা সত্ত্বেও জামুকা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সম্প্রতি মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে সশরীরে হাজির হয়ে তিনি যে মুক্তিযোদ্ধা সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দাখিল করতে নোটিশ দেন। এর পর ৭ ফেব্রুয়ারি আবুল কাশেম মন্ত্রণালয়ে হাজিরা দেন। কিন্তু জামুকা থেকে ফের তাকে ১২ মার্চ হাজির হতে নোটিশ দেওয়া হয়। 

এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।

আরও পড়ুন

×