চোরাই পথে ফ্রান্স যাত্রা: স্লোভাকিয়ার জঙ্গলে মিলল বাংলাদেশি যুবকের লাশ
একমাত্র শিশুসন্তান ইরা তাসফিয়াকে কোলে নিয়ে ফরিদ উদ্দিন আহমদ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯ | ১২:১৪
নিখোঁজের ১১ দিন পর বাংলাদেশের সাবেক ব্যাংক কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদের (৩৫) লাশ মিলল স্লোভাকিয়ার স্টরিনা নামক জঙ্গলে। গত ১ সেপ্টেম্বর ইউক্রেন থেকে ফ্রান্স যাওয়ার পথে স্লোভাকিয়ার ওই জঙ্গল থেকে নিখোঁজ হন তিনি। নিহত ফরিদ সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পার্শ্ববর্তী কারিকোনা গ্রামের সমশাদ আলী ও সমরুন নেছা দম্পতির বড় ছেলে। বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্যের লন্ডন থেকে ফরিদের চাচা আলকাছ আলী আওলাদ স্লোভাকিয়ায় গিয়ে ফরিদের লাশ সনাক্ত করেন।
নিহত ফরিদের চাচাতো ভাই হাবিব আহমদ জানান, লন্ডনে থাকা এক আত্মীয় স্লোভাকিয়ার একটি অনলাইন নিউজ পোর্টালের খবর দেখে ফরিদের চাচা আলকাছ আলীকে জানান। ই-মেইলের মাধ্যমে দেশটির পুলিশের সঙ্গে যোগাযোগ করেন আলকাছ আলীর বন্ধু লন্ডনের সিআইডি পুলিশের সদস্য মুন্নী আক্তার। এরপর মুন্নিকে সঙ্গে নিয়ে স্লোভাকিয়ায় গিয়ে দেশটির পুলিশের সহায়তায় ফরিদের লাশ শনাক্ত করেন আলকাছ আলী।
দেশে ফরিদের স্কুলশিক্ষিকা স্ত্রী সেলিনা বেগম ও ৩ বছর বয়সী কন্যাসন্তান ইরা তাসফিয়া রয়েছে। নিহত ফরিদের বাবা সমশাদ আলী অভিযোগ করেন, তার ছেলেকে দালাল মেরে ফেলেছে।
২০১৮ সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ দেখতে প্রথমে রাশিয়ায় যান ফরিদ। খেলা শেষ হওয়ার মাস খানেক পর তিনি রাশিয়ায় অবস্থানরত লিটন বড়ুযার সঙ্গে ৭ লাখ টাকার চুক্তিতে প্রথমে ইউক্রেনে যান। চুক্তি মতে তার পরিবার লিটন বড়ুয়ার সহকর্মী সিলেটের বিয়ানী বাজারের কামাল আহমদের কাছে টাকা দেন। ইউক্রেনে কয়েক মাস অবস্থান করার পর গত ১ সেপ্টেম্বর ওই দালালের মাধ্যমে ইউক্রেন থেকে ফ্রান্স যাত্রা করেন ফরিদ। কিন্তু তার অপর পাঁচ সঙ্গী ও দালাল ফ্রান্সে গিয়ে পৌঁছলেও যাত্রাপথে স্লোভাকিয়ার জঙ্গলে নিখোঁজ হন ফরিদ।
- বিষয় :
- বাংলাদেশি যুবক
- লাশ উদ্ধার
- স্লোভাকিয়া