ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনের আগে বৈধ অস্ত্র থানায় জমা দিতে হবে: ডিএমপি

নির্বাচনের আগে বৈধ অস্ত্র থানায় জমা দিতে হবে: ডিএমপি
×

খ. মহিদ উদ্দিন - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩ | ১৭:২১ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ | ১৭:২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে অবৈধ অস্ত্র ব্যবহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ছাড়া যাদের কাছে বৈধ অস্ত্র রয়েছে, তাদেরও নির্বাচনের আগে নির্দিষ্ট থানায় অস্ত্র জমা দিতে হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদ উদ্দিন।

সোমবার ডিএমপি সদরদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মহিদ উদ্দিন বলেন, নির্বাচনে অবৈধ অস্ত্র ব্যবহারের কোনো সুযোগই নেই। এসব অবৈধ অস্ত্র উদ্ধার প্রতিদিনের কাজ। অপরদিকে বৈধ অস্ত্রের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে, সেই আইন অনুসারে প্রত্যেককে নির্বাচনের আগে বৈধ অস্ত্র থানায় জমা দিতে হবে।

তিনি বলেন, যখনই প্রশাসনিক কার্যক্রম থাকে, তখনই আমরা বেস্ট কাজ করি। নির্বাচনকে কেন্দ্র করে ইসি থানার ওসিদের বদলি করতে যে নির্দেশ দিয়েছে, সেই আলোকে ডিএমপির ৩৩টি থানার ওসিদের তালিকা করা হয়েছে। তারা বিভিন্ন থানায় বদলি হবেন। ডিএমপিতে যারা রয়েছেন, তাদেরই বদলি করতে পারে ডিএমপি কমিশনার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খ. মহিদ বলেন, নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত ওসিদের বদলির বিষয়ে কথা হয়েছে। এসি, এডিসি, ডিসি ও অতিরিক্ত কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে কোনো কথা বা নির্দেশনা এখনও আসেনি। এ বিষয়ে কিছু বলতে পারব না।

এখন ডিএমপি নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়নে কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন

×