ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মির্জা আব্বাসের দুর্নীতির মামলা ফের যুক্তিতর্কে

মির্জা আব্বাসের দুর্নীতির মামলা ফের যুক্তিতর্কে
×

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪ | ১৭:৩৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ | ২০:৪৫

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলার রায় থেকে যুক্তিতর্কে উত্তোলন করেছেন আদালত। ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম মঙ্গলবার এ আদেশ দেন।

বিচারক আদেশে বলেছেন, মামলাটিতে ঘটনাগত এবং তথ্যগত বিষয়সহ জটিল আইনগত বিষয় জড়িত রয়েছে। এ বিষয়ে উভয়পক্ষের অধিকতর যুক্তিতর্ক শুনানি হওয়া আবশ্যক মর্মে আদালত মনে করেন। এজন্য মামলাটি রায় প্রচারের তালিকা থেকে উত্তোলনপূর্বক অধিকতর যুক্তিতর্ক শুনানির সিদ্ধান্ত গৃহীত হলো। আগামী ২৪ জানুয়ারি অধিকতর যুক্তিতর্ক শুনানির জন্য তারিখ ধার্য করা হলো।

আজ সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম এ তথ্য জানান। গত ২৮ ডিসেম্বর তৃতীয় বারের মতো রায়ের তারিখ পেছানো হয়। 

আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপ-পরিচালক শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে আদালতে চার্জশিট দাখিল করে দুদক। তদন্তে তাঁর বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ১৬ জুন মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আরও পড়ুন

×