সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদানে ভূমিকা রাখছে প্রাভা: মার্কিন রাষ্ট্রদূত
প্রাভা হেলথের চিকিৎসা কেন্দ্র পরিদর্শন শেষে তোলা ছবি।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২২ | ১০:৪৭ | আপডেট: ১৯ জুলাই ২০২২ | ১১:২৩
বাংলাদেশে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদানে প্রাভা হেলথ উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দেশের অন্যতম দ্রুত বর্ধমান এই হেলথকেয়ার ব্র্যান্ডের প্রশংসা করে তিনি বলেন, এটি মার্কিন বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।
আজ মঙ্গলবার ঢাকায় প্রাভা হেলথের চিকিৎসা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তার সঙ্গে পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল ও বিজনেস অ্যাফেয়ার্সের বিশেষ প্রতিনিধি দিলাওয়ার সৈয়দ।
দিলাওয়ার বলেন, প্রতি বছর হাজারো মানুষকে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনছে প্রাভা হেলথ। তাদের এই চেষ্টা দেশের স্বাস্থ্যসেবা অবকাঠামোর উন্নয়ন ও দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনাকে উন্মুক্ত করতেও সাহায্য করবে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়াজুড়ে এমন প্রগতিশীল ব্যবসায়ের সাথে মার্কিন অর্থনৈতিক সম্পর্ক জোরদার করলে তা সংশ্লিষ্ট সকলের জন্যই লাভজনক হবে।
প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা, সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিলভানা কাদের সিনহা বলেন, প্রাভায় রোগীদের আধুনিক পদ্ধতিতে সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা প্রদান করা হয়। স্বাস্থ্যসেবা দিতে পেরে আমরা আনন্দিত। সংবাদ বিজ্ঞপ্তি