বিআরটি প্রকল্পে আরও ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২ | ০৯:৩১ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ | ০৯:৩১
আলোচিত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে আরও ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
গাজীপুর থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সাড়ে ২০ কিলোমিটারের এই অবকাঠামো প্রকল্পে এডিবির এই ঋণ পাঁচ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে পরিশোধ করা যাবে।
সোমবার বিআরটি প্রকল্পের ঋণ সহায়তাসহ এডিবির সঙ্গে মোট তিনটি ঋণ চুক্তি সই হয়েছে।অন্য চুক্তি দুটি হচ্ছে- তৃতীয় সরকারি-বেসরকারি অবকাঠামো উন্নয়ন সুবিধা প্রকল্প। এই প্রকল্পের ঋণে দুটি অংশ রয়েছে। এর মধ্যে নমনীয় সুদে ১ কোটি ৬০ লাখ ডলার এবং নিয়মিত সুদে ২৬ কোটি ২৩ লাখ ডলার। উভয় ঋণ পাঁচ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে পরিশোধযোগ্য।
তৃতীয় ঋণটি হচ্ছে- উপকূলীয় শহরাঞ্চলে জলবায়ু অভিযোজন প্রকল্প। এ প্রকল্পেও দুই ধরনের ঋণ রয়েছে। নমনীয় সুদের ঋণের পরিমাণ ১৫ কোটি ডলার। বাকি প্রায় ১০ কোটি ডলার সাধারণ ঋণ। এই ঋণও একই রেয়াতকাল এবং মেয়াদের মধ্যে পরিশোধ করতে হবে।
সরকারের পক্ষে এসব চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান। এডিবির পক্ষে সই করেন বাংলাদেশে সংস্থার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ও অফিসার ইনচার্জ জিয়াংবু নিং।
রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয় চত্বরের ইআরডি সচিবের কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) নির্বাহী পরিচালক আলমগীর মোরশেদসহ সংশ্নিষ্ট বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- এডিবি
- এশীয় উন্নয়ন ব্যাংক
- বিআরটি প্রকল্প
- ঋণ