ঢাকায় ভারতের প্রধান বিচারপতি
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:১৭
ঢাকায় এসেছেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে বৃহস্পতিবার প্রথমবারের মতো ঢাকায় এলেন তিনি। শুক্রবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন তিনি।
এই আনুষঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আগামীকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
ভারত-বাংলাদেশের অভিজ্ঞতা: দক্ষিণ এশিয়ার একবিংশ শতাব্দীর সাংবিধানিক আদালত’ শীর্ষক ওই আন্তর্জাতিক সম্মেলনে ভারতের সুপ্রিম কোর্টের আরও দুজন বিচারপতি বাংলাদেশে এসেছেন। এসেছেন কলকাতা হাইকোর্টের অন্য দুই বিচারপতিও।
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় দেশটির ৫০তম প্রধান বিচারপতি। ২০২২ সালের ৯ নভেম্বর শপথ নেয়া বিচারপতি চন্দ্রচূড়ের প্রধান বিচারপতি হিসেবে মেয়াদ ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত।
ডি ওয়াই চন্দ্রচূড়ের বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ১৯৭৮ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত টানা সাত বছর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। বাবা-ছেলের দেশের প্রধান বিচারপতি হওয়ার এমন নজির ভারতে আর নেই।