হিন্দু নারীদের বিবাহ নিবন্ধন-বিচ্ছেদসহ চার প্রশ্নে হাইকোর্টের রুল
হাইকোর্ট। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৩ | ০৯:৫৯ | আপডেট: ১৪ মে ২০২৩ | ১৭:০৮
হিন্দু নারীদের (ওইমেন্স রাইট বাস্তবায়নে) বিবাহ বিচ্ছেদের অধিকার, বিয়ে নিবন্ধন, ব্যবস্থাপনা, অবিভাবকত্ব, সম্পত্তিতে উত্তরাধিকার প্রদানে কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহাবুব উল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওইমেন্স রাইট বাস্তবায়নে নয়টি সংগঠনের করা রিটের শুনানি নিয়ে রোববার এই আদেশ দেন। আইন মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন, এসএম রেজাউল করিম, মো. শাহিনুজ্জামান ও তামান্না।
এর আগে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্টসহ ৯টি সংগঠন হিন্দু নারীদের আইনগত অধিকার নিশ্চিতের প্রশ্নে হাইকোর্টে রিট দায়ের করে। রিটে হিন্দু বিবাহ আইনের অসঙ্গতি দূরীকরণে একটি নীতিমালা প্রণয়নেরও নির্দেশনা চাওয়া হয়।
এদিকে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদের সাধারণ সম্পাদক পুলক ঘটক এই আদেশকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আমি হাইকোর্টের আদেশকে স্বাগত জানাই। আশা করছি রিট পিটিশনটি দ্রুত নিষ্পত্তি হবে। কারণ যতদিন এ রকম মামলা ঝুলে থাকবে ততদিন বিপুল সংখ্যক মানুষ অধিকারহীন অবস্থায় রয়ে যাবে।
- বিষয় :
- হাইকোর্ট
- রুল
- হিন্দু নারীদের বিবাহ