ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ৩ নম্বর সতর্ক সংকেত

ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ৩ নম্বর সতর্ক সংকেত
×

গভীর নিম্নচাপে রাজধানীতে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সোমবার তেজগাও শিল্প এলাকা থেকে তোলা ছবি। মো মাহমুদুল হাসান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ০৯:৫২ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ | ১৩:১৯

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ চলছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। নিম্নচাপের কারণে আজ সোমবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বিকেল থেকে রাজধানী ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বিকেলে সমকালকে জানান, গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত চলছে। তবে সন্ধ্যার পর সংকেত বাড়তে পারে।

তিনি জানান, গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সিলেট বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের উত্তরের রাজশাহী ও রংপুরে কম বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, নিম্নচাপটি আজ সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি ‘হামুন’ নাম নিয়ে বৃহস্পতিবার দেশে আঘাত হানতে পারে।

আবহাওয়ার অধিদপ্তরের সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আজ সকাল ৬টায় ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় (১৬.৯ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৪.৪ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।

এতে আরও বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যত্র দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবারের পর বৃষ্টির প্রবণতা কমতে পারে।

মৌসুমি বায়ু ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিদায় নিয়েছে। চলতি মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। ময়মনসিংহে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। তবে এরপর বৃষ্টি কমতে থাকে। তবে বৃষ্টির পর তাপমাত্রা কমতে শুরু করে। এরই মধ্যে সাগরে নিম্নচাপের সৃষ্টি হলো।

দেশে সাধারণত মৌসুমি বায়ু আসার আগে এবং চলে যাওয়ার পর ঘূর্ণিঝড় হয়। অক্টোবর ও নভেম্বর ‘ঘূর্ণিঝড়প্রবণ’ মাস হিসেবে পরিচিত। মৌসুমি বায়ু আসার আগে মার্চ, এপ্রিল ও মে মাসে ঘূর্ণিঝড় হয়। আবার চলে যাওয়ার পর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে ঘূর্ণিঝড় হয়ে থাকে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম বিভাগে অনকে স্থানে বৃষ্টি হয়েছে। আজ সোমবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাস উত্তর/ উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে চলবে। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৮৭ শতাংশ। বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন

×