ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪ | ২৩:৫৬ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ | ১৮:১৭
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল নির্ধারণে সারাদেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব আতিয়ার রহমান সংশ্লিষ্টদের এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সব বিভাগীয় কমিশনার, রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক (ডিসি), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপারদের (এসপি) উপস্থিতিতে বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে একটি সভা হবে।
প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিল ও বাছাইয়ের সময় শেষ। বৈধ প্রার্থী ১ হাজার ৭৮৬ জন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল চলে ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি হয় ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় হয়েছে ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ হয়েছে ২৩ এপ্রিল, আর ১৫০ উপজেলায় ভোট গ্রহণ হবে ৮ মে।
দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। আর ১৬১ উপজেলায় ভোট গ্রহণ হবে ২১ মে। তৃতীয় ধাপে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২ মে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে।
আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে। চতুর্থ ধাপে ৫৫ উপজেলার ভোট হবে আগামী ৫ জুন। তপশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে।
- বিষয় :
- উপজেলা পরিষদ আইন