অস্ত্র মামলা থেকে অব্যাহতি পেলেন অশীতিপর সেই রাবেয়া
গত ২৫ এপ্রিল দৈনিক সমকালের প্রথম পৃষ্ঠায় 'আদালতের বারান্দায় আর কত ঘুরবেন তিনি' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ০০:৫৩ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ | ০২:৩১
অস্ত্র মামলা থেকে অশীতিপর রাবেয়া খাতুনকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় ঘোষণা করেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. আশরাফুল আলম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশীদ।
আদালত বলেছেন, রাবেয়া খাতুনকে এ মামলায় আর হাইকোর্টের বারান্দায় আসতে হবে না।
দীর্ঘদিন যাবৎ বিচারিক আদালতে মামলাটি চলমান থাকায় রাষ্ট্রপক্ষের অবহেলাকে দায়ী করেছেন আদালত। পাশাপাশি ঢাকার বিচারিক আদালতের সংশ্লিষ্ট জজ ও সহকারী পিপিকে সতর্ক করে দিয়েছেন হাইকোর্ট।
এর আগে, গত ১৫ অক্টোবর উচ্চ আদালতে অস্ত্র মামলা থেকে অব্যহতি চেয়ে অশীতিপর রাবেয়া খাতুনের মামলার ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে ৩০ অক্টোবর রায় ঘোষণা করা হবে বলে দিন ধার্য করেন আদালত।
অবৈধ অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার অপরাধে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বাদী হয়ে অশীতিপর রাবেয়া খাতুনসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন ২০০২ সালের ২ জুন। মামলা নম্বর ১৯৩৮/০২। এরপর তিনি গ্রেফতার হন, ছয় মাস কারাগারে থেকে জামিনও পান। পরে তাকেসহ দুই আসামি জুলহাস ও মাসুদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০০৩ সালের ২৪ মার্চ শুরু হয় মামলার বিচার।
কিন্তু গত ১৪ বছর আদালতে জুলহাসের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। এরইমধ্যে ২০১৪ সালে মামলার তদন্ত কর্মকতা মারা যান। এছাড়া পলাতক আসামি জুলহাস জীবিত না মৃত এ বিষয়ে কোনো প্রতিবেদন না থাকায় ডিএমপি কমিশনার ও তেজগাঁও থানা কর্তৃপক্ষকে এ সংক্রান্ত প্রতিবেন দাখিল করার নির্দেশ দেন হাইকোর্ট।
উল্লেখ্য, অশীতিপর রাবেয়া খাতুনকে নিয়ে গত ২৫ এপ্রিল দৈনিক সমকালের প্রথম পৃষ্ঠায় 'আদালতের বারান্দায় আর কত ঘুরবেন তিনি' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে জনস্বার্থে আবেদন করেন আইনজীবী মো. আশরাফুল আলম নোবেল। এরপর ৩০ এপ্রিল এক আদেশে হাইকোর্ট ১৮ বছর আগে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় অশীতিপর রাবেয়া খাতুনের মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। একইসঙ্গে মামলার নথি তলব করে দুই সপ্তাহের মধ্যে বিচার বিলম্বের ব্যাখ্যা জানতে চান।
এরপর কয়েক দফা শুনানি শেষে মামলা থেকে মুক্তি পেলেন বৃদ্ধা রাবেয়া।
- বিষয় :
- হাইকোর্ট
- অস্ত্র মামলা
- অশীতিপর রাবেয়া
- অব্যাহতি