প্রথমবারের মতো পূজায় বিশেষ ট্রেন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ২২:২৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ২২:৩১
ঈদযাত্রার আদলে প্রথমবারের মতো পূজার ছুটিতে বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে রেলওয়ে। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে চার জোড়া বিশেষ ট্রেন। প্রত্যাহার করা হয়েছে পদ্মা ও মধুমতী এক্সপ্রেস ট্রেনের অফ-ডে।
বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১ সেপ্টেম্বর থেকে টানা চারদিন সরকারি ছুটি। রেলওয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার এবং ৪ অক্টোবর শনিবার রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস এবং মধুমতী এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক অফ-ডের দিনেও চলবে।
পূর্বাঞ্চলের যাত্রী চাহিদায় আগামী ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা এবং ঢাকা-চট্টগ্রাম রুটে অতিরিক্ত চার জোড়া ট্রেন পরিচালনা করা হবে। এসব ট্রেনের টিকেট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রী হয়রানি প্রতিরোধ ও বিনা টিকেটের যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত ভিজিলেন্স টিম কাজ করবে।
- বিষয় :
- দুর্গাপূজা
- বিশেষ ট্রেন