ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মামলা করলেন সাক্ষীর এক স্বজন

মামলা করলেন সাক্ষীর এক স্বজন
×

গ্রেপ্তার তিন সাক্ষী- সমকাল

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ১০:০০ | আপডেট: ১১ আগস্ট ২০২০ | ১০:২৪

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে হত্যার ঘটনায় পুলিশের করা মামলার তিন সাক্ষীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), এদের মধ্যে একজন নুরুল আমিনের মা একটি মামলা করেছেন।

মঙ্গলবার সকালে টেকনাফ থানায় অপহরণের ওই মামলা করেছেন তিনি।

টেকনাফ থানার নবনিযুক্ত ওসি মো. আবুল ফয়সাল সমকালকে জানান, পুলিশের মামলায় যে তিনজনকে সাক্ষী করা হয়েছে তাদের মঙ্গলবার সকাল ৯টার দিকে তদন্ত কমিটির কাছে জবানবন্দি দেওয়ার কথা ছিল। ওই সংক্রান্ত চিঠি নিয়ে পুলিশের একটি টিম সোমবার তিন সাক্ষীর গ্রামে যায়। সেখানে গিয়ে দেখা যায় আয়াজ ও নুরুল আমিনের বাড়ি তালাবদ্ধ। নিজাম উদ্দিনের খোঁজ নেই।

তিনি জানান, তখন নবনিযুক্ত ওসি তার একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বাড়িতে না পাওয়ার ব্যাপারটি যাচাই করেন। তখন স্বজনরা পুলিশকে জানান- সাদা পোশাকে কে বা কারা তাদের নিয়ে গেছে। এটা জানার পর পুলিশ স্বজনদের জানায়- চাইলে এ ঘটনায় তারা মামলা করতে পারেন। এরপর মঙ্গলবার সকালে নুরুল আমিনের মা খালেদা বেগম বাদী হয়ে মামলা করেন। সেখানে তিনজনের নিখোঁজ হওয়ার কথা বলা হয়।

ওসি  আরও বলেন, মঙ্গলবার দুপুরে তারা জানতে পারেন ওই তিনজনকে র‌্যাব গ্রেপ্তার করেছে।

লিয়াকতের সঙ্গে তিন সাক্ষীর ফোনালাপ: তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ঘটনার আগে-পরে পরিদর্শক লিয়াকতের সঙ্গে তিন সাক্ষীর ফোনালাপ পাওয়া যাচ্ছে। একেক জনের সঙ্গে ১০-১২ বার কথা বলেছেন লিয়াকত। কেন কি কারণে এতবার কথা বলা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।



আরও পড়ুন

×