ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সংসদে সেতুমন্ত্রী

মেট্রোরেল রুটের ২৭টি বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল

মেট্রোরেল রুটের ২৭টি বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল
×

জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৩

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, মেট্রোরেল রুটের ২৭টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল (ক্র্যাক) চিহ্নিত হয়েছে।

বুধবার সংসদের বৈঠকে মন্ত্রীদের প্রশ্নোত্তরে কুমিল্লা-৯ আসনের আবুল কালামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ তথ্য জানান। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

শেখ রবিউল আলম বলেন, সেফটি অডিট কমিটির প্রতিবেদন অনুযায়ী মেট্রোরেল রুটের ৭৩০টি বেয়ারিং প্যাডের সবগুলোই ক্রিটিক্যাল নয়। রেয়ারিং প্যাডের ১৪৭টির ত্রুটি মাইনর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২৯৭টি প্যাডের ক্ষেত্রে ত্রুটি মূলত স্থাপন ওয়ার্কম্যানশিপ সংক্রান্ত। ২৭টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। অডিট কমিটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল চিহ্নিত হয়েছে।

মন্ত্রী জানান, সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে বেয়ারিং প্যাডের স্থানচ্যুতির মতো সমস্যা হতে পারে এমন ১০টি ক্ষেত্রে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। ২৭টি বেয়ারিং প্যাডের ক্ষেত্রে সেটেলমেন্ট মার্কার বসানো হয়েছে। ২৭টি বেয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটলের ঝুঁকি নিরূপণ ও মেরামত কৌশল নির্ধারণে বুয়েটকে স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ করা হচ্ছে। স্থাপনার স্ট্রাকচারাল ক্র্যাক পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২ স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানো হচ্ছে।

চট্টগ্রাম-১৩ আসনের সরওয়ার জামাল নিজামের প্রশ্নে সেতুমন্ত্রী  বলেন, কর্ণফুলী টানেল ঘিরে যেসব বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত করা হয়েছিল, নানা কারণে তা যথাসময়ে বাস্তবায়ন করা হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কর্ণফুলী টানেল ঘিরে শিল্পায়ন ও বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই টানেলকে শুধু একটি যোগাযোগ অবকাঠামো হিসেবে বিবেচনা না করে দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, পর্যটন বিকাশ এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ১০ হাজার ২৫৫ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রকল্পটি নির্মাণ ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উত্থাপিত হয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

সংরক্ষিত আসনের শওকত আরা আক্তারের প্রশ্নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঢাকা, বগুড়া ও চট্টগ্রাম শহরে ১৩ রুটে ১৪টি মহিলা বাস (পিংক বাস) সার্ভিস পরিচালনা করা হচ্ছে। সারাদেশে মহিলা বাস সার্ভিস সম্প্রসারণের লক্ষ্যে আরও ১০০টি ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) আমদানির কার্যক্রম চলমান রয়েছে।

সংরক্ষিত আসনের সানজিদা ইসলামের প্রশ্নে সড়ক পরিবহনমন্ত্রী জানান, বর্তমানে দেশে বিআরটিসির বাস সংখ্যা এক হাজার ২৯৮টি ও ট্রাকের সংখ্য ৫২৫টি। এর মধ্যে সচল বাস এক হাজার ১৭২টি ও অচল বাস ১২৬টি। সচল ট্রাক ৪৯৪টি ও অচল ট্রাক ৩১টি।

কক্সবাজার-৩ আসনের লুৎফুর রহমানের প্রশ্নে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশে বর্তমানে রুট হিসেবে রেলপথের দৈর্ঘ্য তিন হাজার ৪২৮ এবং ট্র্যাক হিসেবে চার হাজার ৮২৮ কিলোমিটার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও রেলওয়ে মাস্টারপ্লান অনুযায়ী দেশের সব জেলাকে পর্যায়ক্রমে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সরকার এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সংরক্ষিত আসনের শামছুন্নাহার বেগমের প্রশ্নে রেলপথমন্ত্রী বলেন, রেল সেবাকে আধুনিক, যুগোপযোগী, নিরাপদ ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ ক্যারেজ সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে। এর প্রথম চালানে ১৯টি ক্যারেজ চলতি মাসে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এ ছাড়া ২০০টি মিটার গেজ ক্যারেজ সংগ্রহের জন্য ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে।

সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনির প্রশ্নের সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশাকে অযান্ত্রিক যান হিসেবে গণ্য করা হয়। আইন অনুযায়ী জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

চুয়াডাঙ্গা-২ আসনের মো. রুহুল আমিনের প্রশ্নে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের বস্ত্র চাহিদা প্রায় ৮০০ কোটি মিটার। এর মধ্যে নিট কাপড় ৪০০ কোটি মিটার ও ওভেন কাপড় ৪০০ কোটি মিটার। দেশে নিট কাপড়ের ঘাটতি প্রায় ১০ শতাংশ এবং ওভেন কাপড়ের ঘাটতি ৬০ শতাংশ।

বাগেরহাট-৪ আসনের আব্দুল আলীমের প্রশ্নে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি পাটকলের সংখ্যা ২৬৬টি। এর মধ্যে চালু আছে  ১৯৩টি পাটকল।

সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনির প্রশ্নে মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, বর্তমানে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিচারাধীন মামলার সংখ্যা ২৭ হাজার ১৮২টি।

আরও পড়ুন

×