সরকার উৎখাতের আন্দোলনে লাভ হবে আওয়ামী লীগের
নাজিম উদ্দিন আলম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪০
| প্রিন্ট সংস্করণ
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন, বিএনপি সরকারকে উৎখাতের আন্দোলনে আওয়ামী লীগ সবচেয়ে বেশি লাভবান হবে। বর্তমান সরকারকে উৎখাত করা গেলে শেখ হাসিনার বিচারসহ পিলখানা হত্যাকাণ্ড, সাগর-রুনি হত্যাকাণ্ড এবং জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার বাধাগ্রস্ত হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে হাসানাহ পাবলিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘জুলাইয়ের বীরদের স্মরণে ও সুবিধাবঞ্চিতদের ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে’ শীর্ষক স্মারক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাজিম উদ্দিন আলম বলেন, ‘অহেতুক এতো তাড়াতাড়ি একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন-সংগ্রামের হুঙ্কার দেওয়া হচ্ছে। এতে কার উপকার হচ্ছে, সেটি ভাবতে হবে।’ তিনি বলেন, আওয়ামী লীগ চায় জুলাই-আগস্টের হত্যাকারীদের বিচার যেন তারেক রহমান করতে না পারেন। কারণ, তারেক রহমান কখনও আওয়ামী লীগের সঙ্গে আপস করতে পারেন না। তবে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি ও জামায়াতের আপসের রাজনীতি দেখা গেছে। তিনি বলেন, বিরোধী দলে থেকে গণতান্ত্রিকভাবে এগিয়ে যেতে হবে। দায়িত্বশীল বক্তব্য ও কর্মসূচি দিতে হবে। এখনই ঘেরাও, বঙ্গভবন ঘেরাও–এত অস্থির হওয়ার কী আছে? তিনি বলেন, ‘১৮ মাসে খুব বেশি মজা পেয়ে গেছেন? এখন মজা নেই। বিষয়টি মানুষ বুঝবে। অথবা মানুষ এটিও বুঝতে পারে যে, আওয়ামী লীগের সঙ্গে আপনাদের আঁতাত হয়েছে।’ বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা প্রসঙ্গে নাজিম উদ্দিন আলম বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, অচিরেই এসব সমস্যার সমাধান হবে। বিএনপি মাত্র ক্ষমতায় এসেছে। এগুলো আগের সমস্যা। এসব সমস্যার সমাধান করতে সময় দিতে হবে। কিন্তু আপনারা অস্থির হয়ে গেছেন। জুলাই ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করানো উচিত নয়।’
আলোচনা সভায় হাসানাহ পাবলিক ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম রেজাউল করীমের সভাপতিত্বে ও ম্যানেজমেন্ট ডিরেক্টর সুমন আহমেদের পরিচালনায় আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান বলেন, জুলাই ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়ে কোনো একটির পরাজয় কামনা করা উচিত নয়। দুটিকেই সম্মান করতে হবে। জিন্নাহর ছবি ডাকসুতে প্রবেশের মধ্য দিয়ে জুলাই ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। জিন্নাহকে মহান বা প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা চলছে।
- বিষয় :
- বিএনপি