ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুর ভুল ব্যবস্থাপনা রুখতে ৪০ জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ

ডেঙ্গুর ভুল ব্যবস্থাপনা রুখতে ৪০ জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৫৪ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩৪

চিকিৎসা বা ব্যবস্থাপনার ভুলে যেন কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু না হয়, সে লক্ষ্যে দেশের ৪০ জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের বিশেষজ্ঞ অধ্যাপক ও চিকিৎসকদের পরিচালনায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজে ‘ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত কোনো মানুষ যাতে চিকিৎসার অভাবে বা ভুল ব্যবস্থাপনায় প্রাণ না হারান, সেজন্যই বিজ্ঞানভিত্তিক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী চিকিৎসকদের দক্ষ করে তোলার মাধ্যমে মৃত্যুর হার কমিয়ে বহু প্রাণ রক্ষা করা সম্ভব হবে।

স্বাস্থ্য খাতের সাফল্য ও চিকিৎসকদের সেবার তথ্য তুলে ধরে তিনি বলেন, এবারের ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত ৬৩ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সীমিত সুযোগ-সুবিধা ও রোগীর তীব্র চাপের মধ্যেও চিকিৎসকদের পরিশ্রমে ৫৯ হাজার ৮৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে প্রায় ৪ হাজার ৩০০ রোগী চিকিৎসাধীন। আক্রান্তদের প্রায় ৯৯ শতাংশই সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যাচ্ছেন বলে জানান তিনি।

ড. এম এ মুহিত বলেন, শুধু আবেগ বা অপরিকল্পিত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা যায় না। অতীতের অপরিকল্পিত অবকাঠামো উন্নয়ন বা হঠাৎ ঘোষণার পরিবর্তে এখন রোগতাত্ত্বিক তথ্য সংগ্রহ ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার মাধ্যমে চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে সমন্বিতভাবে সংকট মোকাবিলার উদ্যোগ নেওয়া হয়েছে।

চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও সামাজিক সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কোনো ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয়। সেবাদাতা ও জনগণের মধ্যে কোনো দূরত্ব থাকা উচিত নয়। চিকিৎসকদের যথাযথ সম্মান দিয়েই স্বাস্থ্য ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কার এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন এবং তৃণমূল থেকে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত হন।

জানা যায়, মূল প্রশিক্ষণের আগে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে প্রায় সাড়ে ৩৫০ জন সিনিয়র চিকিৎসককে ‘ট্রেইনার্স ট্রেনিং’ দেওয়া হয়। এসব প্রশিক্ষিত চিকিৎসক এখন দেশের ৪০টি জেলায় একযোগে ১ হাজার ৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ দিচ্ছেন।

আরও পড়ুন

×