ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুস নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুস নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ আটক ৩
×

ঘুষের টাকা গ্রহণের সময় হাতেনাতে ধরে ফেলন সাবরেজিস্ট্রার আবদুস সোবহান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০২ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০৮

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ২ লাখ টাকা ঘুস নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ট্র্যাপ টিম।

আটক ব্যক্তিরা হলেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও সাব-রেজিস্ট্রার সেগুলোর রেজিস্ট্রি আটকে রাখেন।

অভিযোগ অনুযায়ী, দলিল দুটি রেজিস্ট্রির জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ২ লাখ টাকা ঘুস দাবি করেন। পরে নিরুপায় হয়ে ওই আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। এরপর দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদন নিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ২ লাখ টাকা ঘুস গ্রহণের সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়। 

দুদক জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×