ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

অটোরিকশাকে আইনি কাঠামোয় এনে নিবন্ধন ও রুট পারমিটের দাবি

অটোরিকশাকে আইনি কাঠামোয় এনে নিবন্ধন ও রুট পারমিটের দাবি
×

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪৯

ব্যাটারিচালিত অটোরিকশাকে অবৈধ হিসেবে গণ্য না করে আইনি কাঠামোর আওতায় এনে নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।

সংগঠনের সাত দফা দাবির মধ্যে রয়েছে অটোরিকশাকে সড়ক পরিবহন আইনের আওতায় এনে সিটি করপোরেশন, বিআরটিএ ও স্থানীয় সরকারের মাধ্যমে স্থায়ী ও পূর্ণাঙ্গ আইন প্রণয়ন। এর আওতায় প্রতিটি অটোরিকশার সরকারি নিবন্ধন এবং চালকদের লাইসেন্স দেওয়ার দাবি জানানো হয়েছে।

অটোরিকশা নিবন্ধনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এ খাতে যুক্ত মালিকদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ট্রাফিক আইন অমান্য, উল্টো পথে চলাচলসহ অপরাধের ক্ষেত্রে অন্যান্য যানবাহনের মতোই বিআরটিএ ও ট্রাফিক পুলিশের মাধ্যমে মামলা ও জরিমানার ব্যবস্থা চালুর দাবি করা হয়েছে। ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাইরের এলাকার অটোরিকশা প্রবেশ ঠেকাতে কার্যকর আইন করার কথাও বলা হয়েছে।

অটোরিকশার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদিত আধুনিক ব্রেকিং ব্যবস্থা ও নিরাপদ বডি ডিজাইন অনুযায়ী দেশীয় প্রযুক্তিতে ই-রিকশা তৈরির দাবি জানানো হয়েছে। পুরোনো অটোরিকশাগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আধুনিকায়ন বা রূপান্তরের সুযোগ দেওয়ার প্রস্তাবও রয়েছে।

চালকদের দক্ষতা বাড়াতে বিআরটিএ বা সিটি করপোরেশনের অধীনে ট্রাফিক আইনবিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে সংগঠনটি। প্রশিক্ষণ সফলভাবে শেষ করা চালকদেরই ড্রাইভিং লাইসেন্স বা স্মার্ট কার্ড দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

ঢাকা মহানগরীকে আটটি জোনে ভাগ না করে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুটি প্রশাসনিক অঞ্চলের আওতায় অটোরিকশা চলাচলের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি প্রধান সড়কের বাম পাশে ব্যারিকেড বা মার্কিংয়ের মাধ্যমে ‘ধীরগতির যান্ত্রিক লেন’ বা সার্ভিস লেন তৈরির দাবি করা হয়।

অটোরিকশার গ্যারেজগুলোতে প্রিপেইড মিটারের মাধ্যমে চার্জিং স্টেশন চালুর দাবিও জানিয়েছে সংগঠনটি। এ ক্ষেত্রে ডেসকো ও ডিপিডিসির মাধ্যমে নির্ধারিত হারে স্মার্ট প্রিপেইড মিটার দেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া অটোরিকশা শ্রমিকদের ওপর শোষণ, নিপীড়ন, চাঁদাবাজি ও অযথা ডাম্পিংয়ের নামে হয়রানি বন্ধের দাবি জানানো হয়। সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটিতে মালিক-শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি এবং সংগঠনগুলোকে আইনি প্রক্রিয়ায় ট্রেড ইউনিয়ন বা অন্যান্য সংস্থার মাধ্যমে নিবন্ধনের দাবি জানিয়েছে সংগঠনটি।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাইদুল মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম।

আরও পড়ুন

×