ঈশ্বরদীতে এনসিপির কর্মসূচিতে ছাত্রদল নেতার বাধা, হুমকি
জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়
চট্টগ্রাম ব্যুরো ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩৪
| প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদীতে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। পাশাপাশি এনসিপির নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির ঈশ্বরদী উপজেলা শাখার নেতাকর্মীরা জানান, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তারা পথসভা ও লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর শেখ শান্ত সেখানে উপস্থিত হয়ে কর্মসূচিতে বাধা দেন। তিনি নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি দেন। এতে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এনসিপির উপজেলা শাখার সদস্য সচিব সুলতান মাহমুদ বিদ্যুৎ বলেন, দেশ ও জনগণের ন্যায্য অধিকার এবং জনস্বার্থের দাবিতে আমরা মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ হিসেবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। সেখানে বাধা ও হুমকি দেওয়া গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে কথা বলতে ওমর শেখ শান্তর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন জানান, ওমর শেখ শান্ত বিগত সরকারের সময়ে ছাত্রলীগের কর্মী ছিলেন। বর্তমানে তিনি ঈশ্বরদীতে বিএনপির একটি গ্রুপের হয়ে ছাত্রদলের রাজনীতি করছেন।
চট্টগ্রামে এনসিপির সমাবেশ
জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে এবং সাধারণ মানুষের ওপর নেমে আসা অর্থনৈতিক চাপ মোকাবিলার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর এনসিপি। গতকাল বিকেলে চট্টগ্রামের জামালখান প্রেস ক্লাব চত্বরে সমাবেশ করে তারা। মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী, জসিম উদ্দিন ওপেল ও শেখ মোহাম্মদ সাজ্জাদসহ স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। মানুষের পকেট কেটে অব্যবস্থাপনা ও লুটপাটের দায় চাপানোর নীতি জনগণ মেনে নেবে না। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য থেকে শুরু করে কৃষি খাতে যে চরম সংকট তৈরি হয়েছে, তার দায়ভার সরকারকেই নিতে হবে।
- বিষয় :
- এনসিপি