ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ইউরোপের সঙ্গে সম্পর্কে এয়ারবাস কেনা গুরুত্বপূর্ণ: ফরাসি রাষ্ট্রদূত

ইউরোপের সঙ্গে সম্পর্কে এয়ারবাস কেনা গুরুত্বপূর্ণ: ফরাসি রাষ্ট্রদূত
×

জঁ-মার্ক সেরে-শারলে

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৩ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৭

| প্রিন্ট সংস্করণ

ইউরোপের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের ক্ষেত্রে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ মনে করছে ফ্রান্স। ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বলেছেন, এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার সম্ভাব্য চুক্তি শুধু একটি বাণিজ্যিক লেনদেন নয়। ইউরোপকে দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে বাংলাদেশ কীভাবে দেখছে এর মধ্য দিয়ে তারও একটি বার্তা যাবে।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’-এ সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

এয়ারবাসের সঙ্গে সরকারের আলোচনা ও দরকষাকষি এখনও চলছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের চুক্তি হলেও এ নিয়ে ফ্রান্স বা ইউরোপ উদ্বিগ্ন নয়। তবে তারা প্রতিযোগিতায় সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে।

জঁ-মার্ক সেরে-শারলে বলেন, আমি লেভেল প্লেয়িং ফিল্ডের ওপর জোর দিচ্ছি। এই বার্তা বর্তমান সরকারের কাছেও আমরা দিচ্ছি। কারণ আমরা মনে করি, এটি অত্যাবশ্যকীয়। বর্তমান সরকার এবং বিমানের প্রতি আমাদের আস্থা আছে।

এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার সম্ভাব্য চুক্তির গুরুত্ব ব্যাখ্যা করে ফরাসি রাষ্ট্রদূত বলেন, সংখ্যার বিচারে এটি বড় চুক্তি নয়। তবে এর তাৎপর্য আরও বিস্তৃত। বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে বাংলাদেশ কতটা আগ্রহী এ সিদ্ধান্ত এর একটি ইঙ্গিত দেবে।

তিনি বলেন, শুধু একটি চুক্তি করে সম্পর্ক শেষ করার ধারণায় ইউরোপ বিশ্বাস করে না। তারা দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব চায়। বাংলাদেশের সঙ্গে ফরাসি বিভিন্ন কোম্পানির দীর্ঘদিনের যে সহযোগিতা রয়েছে, এয়ারবাসের ক্ষেত্রেও তেমন সম্পর্ক গড়তে চায় ফ্রান্স।

বাংলাদেশের সঙ্গে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে ফরাসি রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় ১৭ শতাংশ রপ্তানি হলেও ইউরোপে যায় প্রায় ৪৮ শতাংশ। যুক্তরাজ্যকে অন্তর্ভুক্ত করলে এই অংশ আরও বেশি। ফলে ইউরোপ বাংলাদেশের প্রধান বাণিজ্যিক অংশীদারদের একটি।

বোয়িংয়ের সঙ্গে চুক্তির পরও এয়ারবাসের সঙ্গে আলোচনা থামেনি বলে জানিয়েছেন ফরাসি রাষ্ট্রদূত। জঁ-মার্ক সেরে-শারলে বলেন, দরকষাকষি এখনও ভালোভাবে চলছে এবং ভালো ফলও আসছে।
ফরাসি রাষ্ট্রদূত বলেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারত, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও কানাডার এফটিএ রয়েছে। বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করতে চাইলে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের আগ্রহ নিয়ে আলোচনায় যুক্ত হতে পারে।

এ অনুষ্ঠানে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদ নিয়েও কথা বলেন ফরাসি রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার দিকে ফ্রান্স নজর রাখছে। গণমানুষ ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়েও ফ্রান্স সরকারের কাছে নিজেদের মত তুলে ধরে।

ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস। 
 

আরও পড়ুন

×