বাসের পর বাড়ল লঞ্চ ভাড়া রেলেও বৃদ্ধির আলোচনা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৬
| প্রিন্ট সংস্করণ
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাস, লঞ্চ ভাড়ার মতো বেড়েছে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপের মতো পণ্যবাহী যানবাহনের। এর প্রভাবে সব পণ্যের দাম বেড়েছে। ট্রেনের ভাড়া বৃদ্ধি নিয়েও আলাপ হয়েছে। লোকসান কমাতে রেলওয়ে ভাড়া বৃদ্ধি করতে চায়। পণ্যবাহী নৌযানের ভাড়া ৩০ শতাংশ বৃদ্ধির দাবি জানিয়েছেন মালিকরা।
বাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বৃদ্ধির প্রজ্ঞাপন গতকাল বুধবার জারি করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। একই দিনে লঞ্চ ভাড়া প্রথম ১০ কিলোমিটারে ২৩ পয়সা এবং পরবর্তী কিলোমিটারে ২০ পয়সা বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।
সরকার শুধু নন-এসি বাসের ভাড়া নির্ধারণ করে। এসি বাস, ট্রাক-কাভার্ডভ্যানসহ পণ্যবাহী অন্য যানবাহনের ভাড়াও সরকার ঠিক করে দেয় না। তবে সমকাল প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, সমুদ্রবন্দর, স্থলবন্দরগামী ট্রাকের ভাড়া পাঁচ থেকে সাত হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। ডিজেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে শুধু লঞ্চ নয়, মাছ ধরার নৌযানে ব্যয় এবং ভাড়া বেড়েছে। তাতে মাছের দামও বেড়েছে।
ট্রাকের ভাড়ায় পণ্যে প্রভাব
যশোর অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ সবজির মোকাম যশোরের বারীনগরে পার্শ্ববর্তী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাষিরা আসেন উৎপাদিত সবজি নিয়ে। পাইকাররা তা কিনে ট্রাকে পাঠান ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। বুধবারও এ মোকাম থেকে ঢাকার বাজারে গেছে ১০ ট্রাক সবজি।
ব্যবসায়ীরা জানান, বারীনগর পাইকারি মোকাম থেকে ঢাকায় পাঁচ টনের ট্রাকে সবজি নিতে এক হাজার টাকা এবং বেনাপোল থেকে ঢাকায় সাড়ে ১২ টনের ট্রাকে পণ্য নিতে অতিরিক্ত সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।
বারীনগর মোকামের পাইকারি সবজি ব্যবসায়ী আতিয়ার রহমান কৃষকদের কাছ থেকে পটোল, শিম ও মুলা কিনে ঢাকার যাত্রাবাড়ী ও মিরপুর কাঁচাবাজারে পাঠান। বুধবার পাঁচ টন ধারণক্ষমতার ট্রাকে সবজি পাঠিয়েছেন। তিনি জানান, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে অতিরিক্ত আড়াই হাজার টাকা ভাড়া গুনতে হয়েছে। যশোর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ট্রাকভাড়া দিতে হয়েছে ২৩ হাজার টাকা, যা আগের দিনও ছিল ১৯ হাজার টাকা।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এখনও প্রান্তিক কৃষকদের ওপর পড়েনি। বর্ষা হওয়ায় সেচ লাগছে না। সদরের চূড়ামনকাটি গ্রামের কৃষক নুরুনবী বলেন, বর্ষাকালে সেচ কম লাগে। আর দুই সপ্তাহ পর শীতকালীন সবজির চাষাবাদ শুরু হবে। তখন সেচের পরিমাণ বাড়বে। যদি ডিজেলের দাম এমন থাকে তাহলে সেচের খরচ বাড়বে।
বুধবার যশোর বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পটোল ৫০ টাকা, শসা ৬০ টাকা, টমেটো ১২০ টাকা এবং শিম ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বাড়েনি চাল, ডাল, পেঁয়াজ, রসুনের। যশোর বড় বাজারের পাইকারি ব্যবসায়ী আলমগীর হোসেন বাবু বলেন, পরিবহন ভাড়া বৃদ্ধির প্রভাব স্থানীয় বাজারে না পড়ায় যশোরে পণ্যের দাম বাড়েনি। তবে পরিবহনের পর ঢাকাসহ বিভিন্ন বাজারে কাঁচা সবজির দাম বেড়েছে।
প্রভাব স্থলবন্দরেও
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের বাণিজ্যে। পণ্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। গন্তব্য অনুযায়ী ভাড়া বেড়েছে পাঁচ থেকে সাত হাজার টাকা। সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটে। ফলে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক চুক্তিতে মালপত্র পরিবহন করা সিঅ্যান্ডএফ এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। এ কারণে লোকসান দিয়ে পণ্য পাঠাতে হচ্ছে আমদানিকারকের প্রতিষ্ঠানে। আবার ভাড়া বৃদ্ধিতে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন কেউ কেউ।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির আগে ৪৫০ থেকে ৫০০ ট্রাক আমদানি-রপ্তানি হলেও গত দুই দিনে নেমেছে ২৫০ থেকে ২০০-এর মধ্যে। আমদানি-রপ্তানি কমলে বন্দরের রাজস্ব আহরণে প্রভাব পড়ার আশঙ্কা করছে সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোলের অর্পা-অপ্সরা ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী হাফিজুর রহমান বলেন, বেনাপোল থেকে সাড়ে ১০ টনের কাভার্ডভ্যানে করে গার্মেন্টপণ্য ঢাকার কাঁচপুরে নিতে ২৪ হাজার টাকা ভাড়া নেওয়া হয়েছে। গত শনিবারও এই ভাড়া ছিল ১৮ থেকে ১৯ হাজার টাকা। ১২ টনের খোলা ট্রাকের ভাড়া বেড়েছে ছয় থেকে সাত হাজার টাকা। পরিবহন খরচ বাড়ার এই প্রভাব সরাসরি গিয়ে পড়বে পণ্যের ওপর।
বেনাপোল থেকে আগে ঢাকার ট্রাক ভাড়া ছিল ১৮ থেকে ২০ হাজার টাকা। বুধবার সকাল থেকে সেই ভাড়া নেওয়া হচ্ছে ২৫ থেকে ২৬ হাজার টাকা। চট্টগ্রাম রুটে পণ্য পরিবহনে আগে গুনতে হতো ২৭-২৮ হাজার টাকা। এখন সেখানে গুনতে হচ্ছে ৩৫-৩৬ হাজার টাকা পর্যন্ত। গাজীপুর, টঙ্গী, নারায়ণগঞ্জে আগে ভাড়া ছিল ২২ হাজার টাকা। এখন তা ২৬-২৭ হাজার টাকা।
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজি বলেন, পাম্পে চাহিদামতো তেল পাওয়া যাচ্ছে না। তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে টায়ার, ট্রাকের যন্ত্রাংশের মূল্য এবং ফেরি ভাড়া বৃদ্ধির কারণেই ভাড়া বেড়ে গেছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানিতে বেশ প্রভাব পড়েছে। বেনাপোল বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, গত ১৯ সেপ্টেম্বর আমদানি হয়েছে ২৪৯ ট্রাক পণ্য। রপ্তানি হয়েছে ১০৬ ট্রাক। ২০ সেপ্টেম্বর আমদানি হয়েছে ৩১২ ট্রাক। রপ্তানি হয়েছে ৩৫ ট্রাক। জ্বালানির দাম বাড়ার পরে ২১ সেপ্টেম্বর আমদানি হয়েছে ২৪৬ ট্রাক। রপ্তানি হয়েছে ১১ ট্রাক। ২২ সেপ্টেম্বর ১১৫ ট্রাক আমদানি এবং ৮০ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে।
বাসের ভাড়া বৃদ্ধি
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া দুই টাকা ২৩ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া দুই টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে দুই টাকা ৭০ পয়সা। নতুন ভাড়া মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।
এতে আরও বলা হয়েছে, আরামদায়ক যাত্রার জন্য অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ধরনের ক্ষেত্রে বিআরটিএ অথবা সংশ্লিষ্ট যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নিতে হবে।
দূরপাল্লায় ৫১ আসন ধরে বাস ভাড়া নির্ধারণ করা হলেও অধিকাংশ বাসই ৪০ আসনের। আরামদায়ক যাত্রার জন্য অনেক বাসে আসনসংখ্যা ৩২ থেকে ৩৬। আসন কমলে ভাড়া বৃদ্ধি পায়। ফলে দূরপাল্লার ৪০ আসনের বাসে কিলোমিটার ভাড়া দুই টাকা ৮৪ পয়সা থেকে তিন টাকা ছয় পয়সা হবে। ৫২ আসনের বাসে ১৭ পয়সা বৃদ্ধি পেলেও ৪০ আসনের বাসে তা বাড়বে ২২ পয়সা।
বিআরটিএ গতকাল রাতে দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে। নতুন তালিকা অনুযায়ী ঢাকা-বরিশালের ভাড়া ৮৩৭ টাকা। যা আগে ছিল ৭৮৫ টাকা। ভাড়া বৃদ্ধি পেয়েছে ৫২ টাকা। ঢাকা-চট্টগ্রাম রুটে ৫৩ টাকা ভাড়া বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৫৭ টাকা। ঢাকা-খুলনা-সাতক্ষীরা রুটে ভাড়া ৭২ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে এক হাজার ৭২ টাকা। ঢাকা-রংপুর রুটে ভাড়া ৬৮ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৭৮ টাকা।
লঞ্চের ভাড়া বৃদ্ধি
নৌপথে যাতায়াতে সর্বনিম্ন ভাড়া ৩২ থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হচ্ছে। গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌযান মালিক সমিতি এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থাসহ (বিআইডব্লিউটিএ) সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সব মিলিয়ে লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে।
নৌমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে মালিকরা প্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর দাবি জানায়। এদিকে, পণ্যবাহী নৌযানের ভাড়া ৩০ শতাংশ বাড়ানোর জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন এ খাতের মালিকরাও।
পণ্য পরিবহনের লাইটার জাহাজ মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন গতকাল নৌমন্ত্রীকে চিঠি দেয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশিদ আলম সমকালকে জানান, সরকারের সিদ্ধান্তের পর তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।
গতকাল সচিবালয়ে নৌমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম ১৭ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এতে নৌযান পরিচালনার ব্যয় বেড়েছে। ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ডলারের দাম বৃদ্ধিতে যন্ত্রাংশের দামও বেড়েছে। কিছু দাবির যৌক্তিকতা থাকলেও যাত্রীদের সক্ষমতা ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে ভাড়া বাড়ানোর হার সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে।
জেলেরা বিপাকে, মাছের দাম চড়া
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি জানান, মৌসুমের শুরু থেকেই নদী-সাগরে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। নৌকার জ্বালানি ডিজেলের দাম বৃদ্ধিতে তারা আরও বিপাকে পড়েছেন। অর্ধেক সংখ্যক ট্রলার আগেই সাগরে যাওয়া বন্ধ করে দিয়েছে। ছোট ট্রলারে মাছ আহরণ পুরোপুরি বন্ধের পথে। মূল্য বৃদ্ধিতে একটি ট্রলার সাগরে যেতে প্রতি ব্যারেলে ডিজেলে খরচ বেড়েছে চার হাজার টাকা।
সাগরতীরের উপজেলা বরগুনার পাথরঘাটা দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য মোকাম। মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছর আগে বড় একটি ট্রলার ১০ দিনের জন্য সাগরে যেতে খাবারসহ অন্যান্য রসদ নিতে প্রায় আড়াই লাখ টাকা খরচ হতো। এখন সেই ট্রলার সাগরে যেতে খরচ হয় চার লাখ টাকা। একটি ট্রলার ১০ দিনের জন্য সাগরে গেলে ছয় থেকে আট ব্যারেল ডিজেল প্রয়োজন। প্রতি ব্যারেলে চার হাজার টাকা বেশি লাগছে।
মৎস্য ব্যবসায়ী মারুফ খন্দকার জানান, জেলে ও ট্রলার মালিকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একটি ট্রলার সাগরে যেতে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে খরচ বেড়েছে। সে অনুপাতে মোকামে মাছের পাইকারি দাম বাড়েনি। সাগরে ইলিশ না পাওয়ায় আগে থেকেই আর্থিক চাপে ছিলেন জেলেরা।
জেলে আনোয়ার হোসেনের ভাষ্য, মঙ্গলবার দুটি ট্রলারের মাছ প্রায় ৯ লাখ টাকা বিক্রি করে মালিকের টাকা দেওয়ার পর জেলেদের হাতে কিছু থাকেনি।
পাথরঘাটা পাইকার সমিতির সভাপতি আব্বাস উদ্দিন বলেন, আগে এক ট্রাক মাছ রাজধানীতে পাঠাতে ১৮ হাজার টাকা ভাড়া দিতে হতো। মঙ্গলবার থেকে লাগছে ২৫ হাজার টাকা।
ট্রেনের ভাড়া বৃদ্ধির আলাপ
গতকাল রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সর্বোচ্চ চেষ্টা করছি ভাড়া না বাড়িয়ে সমন্বয় করতে। পাঁচ মাসে ডিজেলের দাম ৩৫ টাকা বৃদ্ধিতে ট্রেনের ভাড়া বৃদ্ধির চাপ আছে রেল মন্ত্রণালয় থেকে। গত ১০ বছর রেলের ভাড়া বাড়েনি। এখন পর্যন্ত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। আমরা চাইব ভাড়াটা যাতে না বাড়িয়ে সমন্বয় করা যায়।
- বিষয় :
- ডিজেল