‘আগুন সন্ত্রাস দমনে রাজপথে থাকবে বিএনপি’
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০৫
| প্রিন্ট সংস্করণ
দেশজুড়ে পরিকল্পিত সন্ত্রাস ও চক্রান্তের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার পাবনা ও নাটোরে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আয়োজিত এসব কর্মসূচি থেকে নেতারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা ও শান্তি বজায় রাখতে যে কোনো ধরনের আগুন সন্ত্রাস ও ষড়যন্ত্র সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই প্রতিহত করা হবে। প্রতিনিধিদের পাঠানো খবর।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি, সদর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেলে জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়া স্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। সমাবেশে নেতৃবৃন্দ যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
একই দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কানাইখালী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল এবং যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগসহ অন্যান্য নেতাকর্মী।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, ‘আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস চালাচ্ছে। অতীতে যেভাবে বিএনপি রাজপথে ছিল, এখনও রাজপথে থেকেই সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদের এই আগুন সন্ত্রাস দমন করা হবে।’
জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমাদের বক্তব্য পরিষ্কার– গণতান্ত্রিকভাবেই এ সরকার দেশ পরিচালনা করছে। কেউ যদি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আগুন সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।’
- বিষয় :
- বিএনপি