ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সই

বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সই
×

ফাইল ছবি-সংগৃহীত

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৩০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৭

| প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাহদী আমিন।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে (মঙ্গলবার) নিউইয়র্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে সম্পূরক এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসাইন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মার্কিন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা, মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্ডাউ, আন্ডার সেক্রেটারি অব কমার্স উইলিয়াম কিমিট, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাহদী আমিন আরও বলেন, বাংলাদেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এয়ারবাসের সঙ্গেও প্রয়োজন অনুযায়ী আলোচনা হতে পারে।

বাংলাদেশ চাহিদার ভিত্তিতে উড়োজাহাজ কিনবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টর সম্প্রসারণ হচ্ছে, নতুন নতুন রুট চালুর পরিকল্পনা রয়েছে। এ কারণে নতুন উড়োজাহাজ প্রয়োজন। বোয়িং প্রতিনিধি দল পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এদিকে বোয়িংয়ের কাছ থেকে নতুন করে উড়োজাহাজ কেনার চুক্তি সই হওয়ায় তুরস্ক ও বাংলাদেশকে নিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ওই পোস্টে বাংলাদেশ ও তুরস্কের সঙ্গে উড়োজাহাজ কেনার চুক্তির দিনকে বোয়িংয়ের জন্য ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। 

আগে ১৪ বোয়িং উড়োজাহাজের চুক্তি
গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করে বিমান। চুক্তির তালিকামূল্য প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার (প্রায় ৪৫ হাজার কোটি টাকা)। এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০, দুটি ৭৮৭-৯ ও চারটি ৭৩৭-৮ ম্যাক্স। প্রথম উড়োজাহাজ ২০৩১ সালের নভেম্বরে এবং শেষটি ২০৩৫ সালের অক্টোবরে সরবরাহের কথা।

চুক্তিটি যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের অর্থায়নে হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে ঋণের সুদহার, মেয়াদ ও পুরো অর্থায়ন কাঠামোর বিস্তারিত প্রকাশ্যে আসেনি। এ কারণে তালিকামূল্য ও প্রকৃত দীর্ঘমেয়াদি আর্থিক ব্যয়কে এক করে দেখা ঠিক হবে না। 
নতুন ১১টি বোয়িং উড়োজাহাজের মডেল, দাম, অর্থায়ন ব্যবস্থা ও সরবরাহ সূচি প্রকাশ করা হয়নি। তাই এই চুক্তির মোট আর্থিক দায় এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

 

আরও পড়ুন

×