আ.লীগ নেতার বাড়িতে আগুন
ছবি: সমকাল
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৫ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১০
| প্রিন্ট সংস্করণ
বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মির্জা শফিকুল ইসলাম স্বপনের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দড়িকান্দি ইউনিয়নের খালা গ্রামে এই আগুনের ঘটনা ঘটে। আগুনে ঘরের ভেতরে থাকা আসবাব, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘরটিতে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়। শুক্রবার সকালে পোড়া ঘরটি দেখতে ওই বাড়িতে ভিড় করেন এলাকার মানুষ।
স্থানীয়দের ভাষ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মির্জা শফিকুল ইসলাম স্বপন এলাকার বাইরে। কেউ কেউ ধারণা করছেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বাঞ্ছারামপুর থানার ওসি মোহাম্মদ ইয়াসিন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- আগুন
- বাঞ্ছারামপুর