ফেসবুক স্ট্যাটাসের জেরে পিটিয়ে হত্যা, বিভিন্ন স্থানে আরও ৫ লাশ উদ্ধার
প্রতীকী ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০৫ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০:১৯
| প্রিন্ট সংস্করণ
ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে রাজবাড়ীর কালুখালী উপজেলায় নজরুল ইসলাম খান (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। নিহত নজরুল ইসলাম পেশায় ভ্যানচালক বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, নজরুল ইসলামের মেয়ে রুনা কারও নাম উল্লেখ না করে প্রতিবেশী কিশোরীকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দেয়। এ ঘটনায় শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে প্রতিপক্ষ নজরুল ইসলামকে লাঠি ও ইট দিয়ে মাথায় আঘাত করে। তাঁকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান জানান, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
মাগুরায় স্ত্রীর হাতে স্বামীর মৃত্যুর অভিযোগ
মাগুরার শ্রীপুরে স্ত্রীর দায়ের কোপে স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার আম্বলসার ইউনিয়নে টিকারবিলা মণ্ডল পাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। মৃতের নাম রাব্বি মণ্ডল (৩৫)। তিনি ওই গ্রামের নজরুল মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে ভোর রাতে স্ত্রী ফারজানা খাতুন ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়।
এ ঘটনায় মাগুরা শ্রীপুর থানার ওসি ওলি মিয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফরিদপুরে লাঠির আঘাতে মৃত্যু
ফরিদপুরের মধুখালীতে পারিবারিক বিরোধের জেরে লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বিশ্বাসপাড়া এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। নিহত জায়েদুল বিশ্বাস ওই এলাকার মৃত বদিয়ার বিশ্বাসের ছোট ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ডুমাইন বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা মৃত বদিয়ার বিশ্বাসের তিন ছেলে লিপ্টন বিশ্বাস, আমুদে বিশ্বাস ও জায়েদুল বিশ্বাস একই বাড়িতে বসবাস করতেন। বাড়িতে জায়গা কম থাকায় এবং জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে আমুদে ও জায়েদুলের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধের জেরে আমুদে বিশ্বাসের ছেলে শাকিল বিশ্বাস (২৫) কাঠের লাঠি দিয়ে চাচা জায়েদুলকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন জায়েদুল। পরে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মধুখালী থানার ওসি সুকদেব রায় বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সীতাকুণ্ডে যুবলীগ কর্মীর মরদেহ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে গত বৃহস্পতিবার মো. আব্দুল্লাহ আল পাশা (২৩) নামে এক যুবলীগ (কার্যক্রম নিষিদ্ধ) কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পৌরসভার নুনাছাড়া এলাকার মো. নুরুল আফছারের ছেলে। তবে পরিবার ঘটনাটি আত্মহত্যা বললেও চিকিৎসক বলছেন, প্রাথমিকভাবে আত্মহত্যার কোনো চিহ্ন দেখা যায়নি। ফলে মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. আলমগীর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জে এনসিপি নেতার মরদেহ
সুনামগঞ্জের ধর্মপাশায় শাহীন কাদির (৪৮) নামে এক এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহীন ওই গ্রামের মৃত লোকমান তালুকদারের ছেলে ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে শাহীনের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ ইমাম হোসেন জানান, শাহীন মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। তবে এ ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।
বরিশালে মরদেহ উদ্ধার
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সাথী আক্তার (২৩)। তিনি বরিশালের মুখার্জির পোল এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
সাথীর স্বজনদের অভিযোগ, হত্যার পরে তাঁর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। ১৫ দিন আগেও যৌতুকের দাবিতে সাথীকে মারধর করা হয়েছিল বলে দাবি করেছে নিহতের পরিবার। তবে স্বামী নাঈম মৃধা এবং শাশুড়ি ফাতেমা বেগম এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করেছেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরে তারা আত্মগোপনে চলে যান এমন অভিযোগ উঠেছে।
এয়ারপোর্ট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সাথী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। নিহতের পরিবার মামলা করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা)
- বিষয় :
- হত্যা
- মরদেহ উদ্ধার