ডেঙ্গুতে স্কুলছাত্রসহ নয় জনের মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ২২:০৪
দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। সোমবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ধামরাইয়ে রিফাত হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রসহ ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ রোগী। যদিও রিফাতের মৃত্যুর তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৩৩ জনের মৃত্যু হল। এর মধ্যে সেপ্টেম্বরেই প্রাণ গেছে ১৩৬ জনের। সরকারি হিসাবে মোট আক্রান্ত দাঁড়ালো ৭৫ হাজার ৭৩০ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বুলেটিনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩২ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২৫৪, চট্টগ্রামে ৩২৩, খুলনায় ২৬৭, ময়মনসিংহে ১১৫, রাজশাহীতে ১৯৭, রংপুরে ৬২ এবং সিলেটে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪ জন ডেঙ্গু ভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। এপর্যন্ত মোট ৭০ হাজার ২৫৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যুও ছিল সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন। গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় ১ লাখ ২ হাজার রোগী।
সমকালের ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, রিফাত হোসেন গতকাল সোমবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিফাত উপজেলার কুশুরা ইউনিয়নের কান্টাহাটী গ্রামের আব্দুল আলীমের ছেলে। সে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। রিফাতের বাবা আব্দুল আলীম জানান, কয়েক দিন আগে রিফাত জ্বরে আক্রান্ত হলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ এনে তাকে খাওয়ানো হয়। পরে জ্বর সেরে গেলেও তার প্রচণ্ড মাথাব্যথা ছিল। রোববার তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়।
সোমবার অবস্থার অবনতি হলে রিফাতকে আইসিইউতে নেওয়া হয়। দুপুর ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে রিফাতের মরদেহ তার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে নেওয়া হয়। পরে বাদ মাগরিব কান্টাহাটী মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। রিফাতের অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষকসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।