আবরার হত্যা: ২৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেবে পুলিশ
আবরার ফাহাদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০০:৫১ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ | ০৬:০৫
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে। ২৫ জনকে আসামি করে এই অভিযোগপত্র দেওয়া হবে।
বুধবার আদালতে এই চার্জশিট জমা দেওয়া হবে বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে।
ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২৫ জনের নামে চার্জশিট দেওয়া হবে। এদের মধ্যে ১১ জন সরাসরি হত্যায় অংশ নেয়।
আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি। তার বাড়ি কুষ্টিয়া শহরে।
গত ৬ অক্টোবর মধ্যরাতে বুয়েটের শেরেবাংলা হলের দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে চকবাজার থানা পুলিশ।
জানা গেছে, ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েক নেতা।
এ ঘটনায় নিহতের বাবা মো. বরকত উল্লাহ ছাত্রলীগ নেতাসহ ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করেন।
- বিষয় :
- অভিযোগপত্র
- বুয়েট
- আবরার ফাহাদ হত্যা মামলা
- আসামি