আবরার হত্যা মামলায় আসামি যারা
আবরার হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামিরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০২:১৯
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। এদের মধ্যে চারজন পলাতক আর বাকি ২১ জন কারাগারে।
বুধবার বেলা ১২টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, চার্জশিটভুক্ত ২৫ আসামির মধ্যে ১৯ জন এজাহারভুক্ত ও ছয়জন এজাহারের বাইরে।
এজাহারভুক্ত ১৯ আসামি হলেন-মেহেদী হাসান রাসেল, মুহতাসিম ফুয়াদ, অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশররফ সকাল, মনিরুজ্জামান মনির, মেফতাহুল ইসলাম জিয়ন, মাজেদুল ইসলাম, মুজাহিদুর রহমান, তাবাখারুল ইসলাম তানভীর, হোসেন মোহাম্মদ তোহা, মো. জিসান, আকাশ হোসেন, শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, এহতেশামুল রাব্বি তানিম, মো. মোর্শেদ, মোয়াজ আবু হুরায়রা ও মুনতাসির আল জেমি।
এজাহারের বাইরে ছয় আসামি হলেন- ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মো. মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত, এস এম মাহমুদ সেতু ও মুজতবা রাফিদ।
আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি। তার বাড়ি কুষ্টিয়া শহরে।
গত ৬ অক্টোবর মধ্যরাতে বুয়েটের শেরেবাংলা হলের দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে চকবাজার থানা পুলিশ।
জানা গেছে, ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েক নেতা।
এ ঘটনায় নিহতের বাবা মো. বরকত উল্লাহ ছাত্রলীগ নেতাসহ ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করেন।
- বিষয় :
- বুয়েট
- আবরার ফাহাদ হত্যা মামলা
- চার্জশিট
- এজাহার