বিশেষ মন্তব্য
পেঁয়াজের দাম: এই পরিস্থিতি ব্যবসায়ীদের অসহযোগিতায়
গোলাম রহমান, ক্যাব সভাপতি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ১৩:২৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ | ২৩:৫৯
বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে ছাপিয়ে আলোচনায় রয়েছে পেঁয়াজের দাম।
নিত্যদিনের প্রয়োজনীয় এ পণ্যের দাম আকাশচুম্বী। সামগ্রিক পরিস্থিতি খুবই
হতাশাব্যঞ্জক। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ফলে এ পরিস্থিতির উদ্ভব হয়েছে।
কারণ, পেঁয়াজের ক্ষেত্রে বাংলাদেশের আমদানি নির্ভরতা রয়েছে। মোট চাহিদার
এক-তৃতীয়াংশ আমদানি করতে হয়। আর আমদানির পুরোটাই ভারত থেকে হয়ে থাকে। ভারত
নিজস্ব চাহিদা মেটাতে রপ্তানি বন্ধ করেছে। ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের
বাজার প্রভাবিত হয়েছে। কিন্তু সেই প্রভাব যে এত অস্বাভাবিক হবে, সেটা কাম্য
ছিল না। যদিও সরকার পরিস্থিতি মোকাবিলায় চেষ্টা করেছে। ব্যবসায়ীদের
প্রণোদনা দিয়ে মিয়ানমার, মিসর, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে আমদানির জন্য
উৎসাহিত করা হয়েছে। বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীকেও অনুরোধ করা হয়েছে পেঁয়াজ
আমদানির জন্য। কিন্তু আশানুরূপ আমদানি হয়নি। এর মানে হচ্ছে, সরকার উদ্যোগ
নিলেও ব্যবসায়ীরা আশাব্যঞ্জক সাড়া দেননি, সহযোগিতা করেননি। ব্যবসায়ীরা মনে
করছেন, নতুন পেঁয়াজ ওঠার মৌসুম কাছাকাছি। ফলে বেশি বিনিয়োগ করে ঝুঁকি নিতে
চাননি। অন্যদিকে, সরকার নিজে আমদানির উদ্যোগ নেয়নি। আবার সরকার অন্য যেসব
উদ্যোগ নিয়েছে, সে ক্ষেত্রে কিছুটা দেরি হয়েছে। ফলে পেঁয়াজের সরবরাহে ঘাটতি
তৈরি হয়েছে। যার ফল বর্তমান নিয়ন্ত্রণহীন বাজার। একশ্রেণির সুযোগসন্ধানী
অসাধু ব্যবসায়ী সাময়িক সংকটকে পুঁজি করে মুনাফা করছে, পরিস্থিতির সুযোগ
নিচ্ছে। সামগ্রিকভাবে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ক্ষুব্ধ। পরিস্থিতি
সামলাতে সরকারকে কৌশলী হতে হবে। ব্যাপক ধরপাকড় করা যৌক্তিক হবে না। এতে
বাজার থেকে পেঁয়াজ উধাও হয়ে যেতে পারে। তবে বড় বড় ব্যবসায়ীর ওপর নজরদারি
বাড়ানো যেতে পারে।
পেঁয়াজের এ পরিস্থিতি থেকে বেরোনোর স্বল্পমেয়াদি বা তাৎক্ষণিক সমাধান বিশেষ
নেই। তবে এবারকার পরিস্থিতি থেকে শেখার আছে। দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে হবে।
পেঁয়াজের উৎপাদন বাড়াতে হবে। এ জন্য উৎপাদনশীলতা বাড়ানো দরকার। দরকার
সংরক্ষণ ব্যবস্থাও। অন্যদিকে, ভোক্তাদেরও সচেতন হতে হবে। যখন কোনো পণ্যে
সংকট তৈরি হয়, তখন সেই পণ্য যতটা সম্ভব কম কেনা উচিত। অথবা পণ্যমূল্য
বৃদ্ধির প্রতিবাদ করা উচিত। কিন্তু অনেক ভোক্তাই দুটোর একটাও চিন্তা করেন
না।
- বিষয় :
- বিশেষ মন্তব্য