নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, কমলাপুরে নেই বাড়তি চাপ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২২ | ০১:৫৪ | আপডেট: ০১ মে ২০২২ | ০১:৫৬
ঈদযাত্রার পঞ্চম দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রোববার ভোর থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ গত তিন দিনের তুলনায় কিছুটা বেশি ছিল। একটু বেলা হতেই স্টেশনে যাত্রীর আনাগোণা বাড়ে।
রোববার সকাল থেকে বেশির ভাগ ট্রেন সময়মতো স্টেশন থেকে ছেড়েছে। তবে কয়েকটি ট্রেন ২০ থেকে ৩০ মিনিট দেরিতে ছাড়ছে। আর তিনটি ট্রেন এক ঘণ্টা দেরিতে স্টেশন ত্যাগ করেছে।
কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত আন্তনগর, লোকাল মেইলসহ ২০টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে ছেড়ে গেছে। আজ মেইল, আন্তনগর ও কমিউটার মিলিয়ে ১২২টি ট্রেন কমলাপুর রেলস্টেশন যাতায়াত করবে। এসব ট্রেনে ৫৩ হাজার যাত্রী ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে রওনা দেবেন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জগামী যাত্রী টিটু মিয়া জানান, সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস সোমবার বেলা সোয়া ১১টায় স্টেশন থেকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও তা সাড়ে ১১টার কিছু পর ছাড়ে।
কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ট্রেনটি ১ ঘণ্টা ২০ মিনিট দেরি করে ৮টায় কমলাপুর স্টেশন ত্যাগ করে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় স্টেশন ছেড়ে যাওয়ার কথা। এটি এক ঘণ্টা দেরি করে ছেড়ে যায়।
খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা। সেটি ১ ঘণ্টা ২০ মিনিট দেরি করে সাড়ে নয়টার দিকে স্টেশন ত্যাগ করে।
কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানালেন, ট্রেন তিনটি ছাড়তে ৩০ থেকে ৪০ মিনিট দেরি করেছে।
মাসুদ সারওয়ার বলেন, ‘এটি ছিল অপারেশনাল ডিলে। এটাকে শিডিউল বিপর্যয় বলা চলে না। আমাদের সবকিছু ঠিকই ছিল। তবে সামাল দিতে একটু কষ্ট হয়ে যায়। এত মানুষ একসঙ্গে স্টেশনে এসেছে, আমরা তাদের ঠেকাতে পারছি না। আমরা সময়ের চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিয়েছি। অপারেশনাল খুবই ভালোভাবে চলছে। কয়েকটি ট্রেন ছাড়তে ২০ থেকে ৩০ মিনিট দেরি হয়েছে।’
ফিরতি টিকিট ও কাল সোমবারের টিকিট প্রসঙ্গে স্টেশন ব্যবস্থাপক জানান, আজ ৫ মের টিকিট বিক্রি চলছে সারা দেশ থেকে। অনলাইন ও কাউন্টারে—দুভাবেই টিকিট বিক্রি চলছে। ২ ও ৪ মে তারিখের টিকিট চাঁদ দেখার ওপর নির্ভরশীল।