ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম

রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩ | ১৫:৪৪ | আপডেট: ০৬ আগস্ট ২০২৩ | ১৫:৪৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ জানাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। রোববার ডিবি কার্যালয়ে এ অভিযোগ জানান আলোচিত এই ইউটিউবার।

হিরো আলমের অভিযোগ, তাঁকে নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন রিজভী।

এ সময় প্রায় আড়াই ঘণ্টা মিন্টো রোডে ডিবি কার্যালয়ে অবস্থান করার পর মামলার উদ্দেশে আদালতে যান হিরো আলম। পরে অবশ্য মামলা হয়নি।

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে হিরো আলম বলেন, তিনি রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আইনি সহায়তার জন্য ডিবিপ্রধান হারুন অর রশীদের কাছে গিয়েছিলেন। ডিবি তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলটির এক কর্মসূচিতে হিরো আলমকে নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে ডিবি কার্যালয়ে যান তিনি।

ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, হিরো আলম অভিযোগ করেছেন, বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী তাঁকে ‘পাগল’, ‘অর্ধশিক্ষিত’ বলেছেন। এ অভিযোগে তিনি সাইবার ক্রাইম ইউনিটে একটি অভিযোগ করেছেন। এতে মানহানির কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, মানহানির মামলা ডিবি কিংবা থানায় হয় না। তাই তাকে কোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তিনি ডিবিতে যে অভিযোগ করেছেন, সেটি খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন

×