ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু কেড়ে নিল তরুণ অভিনেত্রী ও স্কুলছাত্রীর প্রাণ

ডেঙ্গু কেড়ে নিল তরুণ অভিনেত্রী ও স্কুলছাত্রীর প্রাণ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ২২:৫১ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ২২:৫১

জন্মস্থান নাটোর ছেড়ে কলেজ জীবনেই ঢাকায় এসেছিলেন অভিনয়ে প্রতিষ্ঠিত হওয়ার আশা নিয়ে। স্বপ্ন ছিল বড় অভিনেত্রী হবেন। তা আর হলো না। প্রাণঘাতী ডেঙ্গু কেড়ে নিল ১৯ বছর বয়সী অভিনেত্রী নিশাত আরা আলভিদাকে।

এইচএসসি পরীক্ষার্থী নিশাত বৃহস্পতিবার ঢাকায় নিজ বাসায় মারা গেছেন। বন্ধু ও স্বজনরা বলছেন, অভিনয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ছিল তাঁর। একই দিনে সাভারে ডেঙ্গু আক্রান্ত হয়ে রওনক মৃধা নামের ১১ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩৪ জন।

নিশাতের কাছের বন্ধু মোহাম্মদ হৃদয় জানান, চার দিন আগে হঠাৎই জ্বরে আক্রান্ত হন তিনি।  শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তাঁর প্লাটিলেট কমতে থাকে।  তবে নিশাত জ্বরকে সেভাবে গুরুত্ব দিচ্ছিলেন না, বলছিলেন ঠিক হয়ে যাবে। মনে করেছিলেন, ওষুধ খেলেই সেরে যাবে।

হৃদয় বলেন, গত বুধবার নিশাত হাসপাতাল থেকে বাসায় আসে। তখন সে অনেকটাই সুস্থ। বৃহস্পতিবার সকাল ৮টায় নিশাত বাসাতেই মারা যায়। তার বেড়ে ওঠা নাটোর জেলায়। সেখান থেকে এসএসসি পাস করে। নাটোরেরই একটি কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে পরে  ঢাকায় চলে আসে।

নিশাত মনেপ্রাণে অভিনেত্রী হতে চেয়েছিলেন। সেই পথেই হাঁটেন। একটু একটু করে চেষ্টা করেন অভিনয়ে কিছু করার। হৃদয় বলেন, দুই বছরের মতো হবে, সে ক্যারিয়ার হিসেবে অভিনয় পছন্দ করে। প্রায়ই বলত, দেখিস, আমি এক দিন বড় তারকা হবো। অনেক বড় অভিনেত্রী হবো। মডেল হবো। অভিনয় নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। ইচ্ছা ছিল থিয়েটারে অভিনয় শেখার। কয়েক মাস আগে সে একটি নাট্যদলে কর্মশালায় অংশগ্রহণ করেছিল।

নিশাতের মা-বাবা পৃথক স্থানে থাকেন বলে জানা গেছে। নিশাত থাকতেন মায়ের সঙ্গে। তিনি অকালে চলে যাওয়া শোক প্রকাশ করেছেন বন্ধু-সহকর্মীরা। কেউ দু’দিন আগের, কেউ সপ্তাহখানেক আগের স্মৃতিগুলো ফেসবুকে লিখেছেন। সাজ্জাদ চৌধুরী নামের এক সহকর্মী লিখেছেন, “কয়েক দিন আগেই ‘সুপারভাইজার’ নাটকে কাজ হলো সদা হাসিখুশি বাচ্চা মেয়েটার সঙ্গে। এখনও চেহারাটা চোখে ভাসছে।” সুপ্তা নামের আরেকজন লিখেছেন, ‘মেয়েটার ডে স্টোরি এখনও চলছে; কিন্তু সে আর নেই।

সাভারে স্কুলছাত্রীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শিক্ষার্থী রওনক মৃধা। এ বছর সাভারে এটি ডেঙ্গুতে প্রথম মৃত্যু।

রওনক আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা এলাকার মহসিন মৃধার মেয়ে ও স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ নাছির উদ্দিন জানান, গত ২৮ আগস্ট আইসিইউতে রওনককে ভর্তি করা হয়।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৫৮৯ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ৯৪৫ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীর ৩ হাজার ৮১৮ জন ঢাকার এবং ৪ হাজার ৫৩০ জন ঢাকার বাইরের। দেশে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩৪২ জন। তাদের মধ্যে ৫৮ হাজার ৬১০ জন ঢাকার এবং ৬৬ হাজার ৭৩২ জন ঢাকার বাইরে।

আরও পড়ুন

×