মেট্রোরেল সেবা বিঘ্নিতের কারণ স্পষ্ট করেনি কর্তৃপক্ষ
ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৪ | ০৯:০৭ | আপডেট: ২৮ মে ২০২৪ | ১০:০৪
ঝড়-বৃষ্টিতে ভুগিয়েছে মেট্রোরেল। সোমবার সকালে প্রায় পৌনে দুই ঘণ্টা দেরিতে ট্রেন চালু হয়। এর পর দুপুর পর্যন্ত শিডিউলে বিঘ্ন ঘটে বারবার। তবে কী কারণে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে, তা সন্ধ্যা পর্যন্ত স্পষ্ট করেনি মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল।
প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে উত্তরার দিয়াবাড়ী এবং মতিঝিল থেকে সকাল সাড়ে ৭টায় যাত্রা করে ট্রেন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টি মাথায় নিয়ে গতকাল সকালে স্টেশনে গিয়ে যাত্রীরা ট্রেন পাননি। কী কারণে ট্রেন বন্ধ, তাও জানানো হয়নি। সকাল ৮টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। তবে তা চলছিল উত্তরা থেকে মতিঝিল রুটে। মতিঝিল থেকে উত্তরামুখী ট্রেন বন্ধ ছিল। এর কারণ জানায়নি ডিএমটিসিএল। অফ পিক আওয়ারে ১২ মিনিট অন্তর ট্রেন চলাচল করার কথা থাকলেও গতকাল কখনও আধঘণ্টা পর, কখনও ৪৫ মিনিট পর ট্রেন এসেছে। প্রতিটি ট্রেন আসার পর যাত্রীরা ঝাঁপিয়ে পড়ছিলেন।
ট্রেন চলাচলে বিঘ্ন ঘটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান যাত্রীরা। সাংবাদিকরা ডিএমটিসিএল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে জনসংযোগ কর্মকর্তা কাউকে ফোনে পাওয়া যায়নি। ডিএমটিসিএলের ওয়েবসাইটে এতদিন সব কর্মকর্তার নাম ও ফোন নম্বর দেওয়া ছিল। গতকাল সেই তথ্যসংবলিত লিংক কাজ করছিল না।
ডিএমটিসিএলের মধ্যম পর্যায়ের কর্মকর্তারা জানান, ব্যবস্থাপনা পরিচালক ‘কথা না বলা’র নির্দেশনা দিয়েছেন। স্টেশন থেকে মাইকে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করা হলেও ট্রেন বন্ধের কারণ জানানো হয়নি। বাধ্য হয়ে যাত্রীদের স্টেশন ছেড়ে জলমগ্ন সড়কে নামতে হয়। আগারগাঁও স্টেশনের যাত্রী গালিব হাসান ক্ষোভ ঝাড়েন, যদি ঝড়-বৃষ্টির দিনে মেট্রো না চলে, তাহলে কী লাভ। জলাবদ্ধতার দিনেই তো মেট্রোরেল দরকার। বৃষ্টির কারণে বাস ঠিকমতো চলছে না। যানজটও হচ্ছে।
সোমবার বিকেল ৫টার দিকেও মেট্রোরেলের এমআরটি-৬ লাইনের শাহবাগ থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এবার ডিএমটিসিএল ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দিয়ে ট্রেন বন্ধের কারণ জানানো হয়। বলা হয়, শাহবাগ থেকে সচিবালয়ের পথে ঝড়ে গাছের ডাল ভেঙে রেললাইনে পড়েছে। মতিঝিলে পড়েছে ঝড়ে উড়ে আসা সোলার প্যানেল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোরেলের পূর্ণ সেবা চালু হয়েছে।
- বিষয় :
- মেট্রোরেল