বনানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১০
রাজধানীর বনানী এলাকায় বাসের ধাক্কায় হাসান ইমাম সোহেল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। তিনি মোহাম্মদপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
বনানী থানার এসআই জুয়েল বিশ্বাস জানান, সোহেল সহকর্মীর মোটরসাইকেলে মোহাম্মদপুর থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলেন। পথে বনানীর চেয়ারম্যানবাড়ি ও সৈনিক ক্লাবের মাঝামাঝি স্থানে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় লাবিব পরিবহনের একটি বাস। তখন দুই আরোহীই রাস্তায় ছিটকে পড়েন। এর মধ্যে সোহেল বাসটির সামনে পড়েন এবং চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
পুলিশ জানায়, দুর্ঘটনায় দায়ী বাসটি জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছেন চালক ও সহকারী। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিহত সোহেল রানার বাড়ি কুমিল্লার দাউদকান্দি এলাকায়।
- বিষয় :
- মোটরসাইকেল দুর্ঘটনা
- নিহত