কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায় ‘ছিনতাইকারীকে’ মারধর
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ২১:০৫
রাজধানীর কারওয়ান বাজারে মেট্রোরেল স্টেশনের নিচে এক পথচারীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। তবে ওই পথচারী ছুরিকাঘাতে রক্তাক্ত হওয়ার পরও হামলাকারীকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকের এ ঘটনা ঘটে। পরে আহত ওই পথচারীকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে সমকালকে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান।
তিনি জানান, আহত পথচারীর নাম আক্তার হোসেন। তার বাড়ি চাঁদপুরে, থাকেন ঢাকার তেজগাঁও এলাকায়। আর ছুরিকাঘাত করা ব্যক্তির নাম মাজহারুল ইসলাম। তার বাড়ি ময়মনসিংহের শেরপুর এলাকায়। ঢাকায় পান্থপথ এলাকায় থাকেন।
ওসি আরও বলেন, ‘যাকে মারধর করা হয়েছে, তাকে আমরা আটক করেছি। আর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন ভালো আছে। তারা দুইজনই পূর্ব পরিচিত ছিল। আটকে ব্যক্তিকে মাদকসেবী মনে হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, কথা কাটাকাটির একপর্যায়ে ওই পথচারীকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে ভুক্তভোগী ব্যক্তিসহ অন্য পথচারীরা মিলে তাকে মারধর করেছে।’
এ ঘটনায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় একজন অন্য একজনকে বেধড়ক কিল-ঘুসি মারছেন। যিনি মারধর করছেন, তার শরীর রক্তে ভেজা ও জামা ছেড়া। তার পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পথচারীর সঙ্গে আরও ২-৩ জনকে ওই ‘ছিনতাইকারীকে’ মারধর করতে দেখা গেছে। যে ব্যক্তিকে মারধর করা হচ্ছে তার পড়নে জিন্সের প্যান্ট ও গেঞ্জি পরা।
ভিডিওতে আশপাশের মানুষকে বলতে শোনা যায়, ছিনতাইয়ের সময় ওই পথচারীকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হলেও ছিনতাইকারীকে তিনি ধরে ফেলেন। পরে লোকজন এসে পুলিশে খবর দেয়।
ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার প্রাথমিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- রাজধানী
- পথচারীর মৃত্যু
- ছিনতাই