মেট্রোরেল স্টেশনের নিচে পথচারীকে ছুরিকাঘাত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩১
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর কারওয়ান বাজারে গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মেট্রোরেল স্টেশনের নিচে ‘ছিনতাই’-এর সময় এক পথচারীকে ছুরিকাঘাত করা হয়। এরপরও ছুরিকাহত ব্যক্তি হামলাকারীকে ছাড়েননি। আহত হয়েও মারধর করতে দেখা যায় তাঁকে।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। হামলার শিকার পথচারীকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে সমকালকে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
মনিরুজ্জামান জানান, আহত পথচারীর নাম আক্তার হোসেন। তাঁর বাড়ি চাঁদপুরে; থাকেন ঢাকার তেজগাঁও এলাকায়। আর ছুরিকাঘাত করা ব্যক্তির নাম মাজহারুল ইসলাম। তাঁর বাড়ি ময়মনসিংহের শেরপুর এলাকায়। রাজধানীর পান্থপথ এলাকায় থাকেন।
ওসি বলেন, যাকে মারধর করা হয়েছে, তাকে আমরা আটক করেছি আর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন ভালো আছেন। তারা দুজনই পূর্বপরিচিত। আটক ব্যক্তিকে মাদকসেবী মনে হয়েছে। ধারণা করা হচ্ছে, কথাকাটাকাটির একপর্যায়ে ওই পথচারীকে ছুরিকাঘাত করা হয়েছে।
- বিষয় :
- ছুরিকাঘাত