এমপি ফজলুর রহমানের বক্তব্য ভাইরাল
‘রিটেনে পাস করার পর অ্যাডমিট কার্ড নিয়া যাইবা, ফোন কইরা দেব’
ছবি- ভিডিও থেকে নেওয়া
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৩০
‘রিটেনে (লিখিত পরীক্ষা) পাস করছে, কিন্তু ভাইভায় (মৌখিক পরীক্ষায়) এলাউ হইতে পারে নাই, চাকরি পায় নাই। রিটেনে পাস করার সঙ্গে সঙ্গে এই ছেলের অ্যাডমিট কার্ডটা (চাকরির পরীক্ষার প্রবেশপত্র) নেতারা আমার কাছে নিয়া যাইবা। আমি যেখানে ফোন করার, সেখানে ফোন করে দেব, যাতে ছেলেটা চাকরি পায়।’
গত সোমবার কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত দলীয় এক সমাবেশে এসব কথা বলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘যখনই রিটেনে পাস করবে, আমি এই ছেলেটার জন্য যেখানে গেলে কাজ হবে, সেইটা আমি বইলা দেবো। এইটা আমি করবোই।’
চাকরির তদবিরে অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়ে ফজলুর রহমান বলেন, তাঁর কাছে চাকরির জন্য তদবির করতে গিয়ে কেউ টাকা চাইলে বা তাঁকে টাকা দিলে বিষয়টি জানতে পারলে তিনি মেনে নেবেন না। চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে কাউকে টাকা না দেওয়ার জন্য সতর্ক করেন তিনি।
সমাবেশে দরিদ্র মানুষের চিকিৎসায় সহযোগিতার কথাও বলেন ফজলুর রহমান। তিনি বলেন, ‘আমার নির্দিষ্ট কিছু কাজ আছে, এইগুলো মানবতার কাজ। কিছু মানুষ আছে খুব অসহায়। নিজে অসুস্থ, বউ ছেলে সন্তান অসুস্থ, এইগুলো আমাকে জানাবেন। প্রয়োজনে ঢাকা বা কিশোরগঞ্জে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি এবং কম খরচে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।’
স্থানীয় জনপ্রতিনিধিদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পরিবারের সন্তান যেন না খেয়ে ঘুমাতে না যায়, জনপ্রতিনিধিদের সে বিষয়ে খোঁজ রাখতে হবে। কেউ সহযোগিতা করতে না পারলে নিজে সহযোগিতা করার কথা বলেন ফজলুর রহমান।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের সহধর্মিণী জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সহসভাপতি মনির উদ্দিন প্রমুখ।
- বিষয় :
- ফজলুর রহমান
- এমপি