ভিক্ষুক বেশে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে হাতুড়িপেটা, স্বর্ণালংকার ছিনতাই
প্রতীকী ছবি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫০
মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা এলাকায় ভিক্ষুকের ছদ্মবেশে একটি ফ্ল্যাট বাসায় ঢুকে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে আঘাত করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাজেরা বেগম (৭০) নামের এক বৃদ্ধা আহত হয়েছেন। বর্তমানে তিনি মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার উত্তর সেওতা এলাকার বায়তুল আমান ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
আহত হাজেরা বেগমের মেয়ে আলেয়া বেগম জানান, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বোরকা পরা এক ব্যক্তি তাদের বাসার গেটে এসে দরজায় কড়া নাড়েন। তার মা দরজা খুলে দিলে ওই ব্যক্তি আকস্মিকভাবে হাতে থাকা হাতুড়ি দিয়ে তার মায়ের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। পরে মায়ের গলায় থাকা প্রায় স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যান। ওই ব্যক্তির হাতে থাকা একটি পলি ব্যাগে সামান্য পরিমাণ চাল ছিল। এতে তাকে ভিক্ষুক হিসেবে ধারণা করা হয়েছিল।
আলেয়া বেগম আরও বলেন, হামলার পর তার মা চিৎকার করলে পাশের বাসার লোকজন ছুটে এসে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে তিনি বাসায় গিয়ে মাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সময় তার মা বাড়িতে একাই ছিলেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, উত্তর সেওতা এলাকায় একটি ফ্ল্যাটে ঢুকে এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছে।
- বিষয় :
- মানিকগঞ্জ