পোড়াজনিত জটিলতায় চিকিৎসা
ডা. মাসরুর-উর-রহমান আবীর
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৭
| প্রিন্ট সংস্করণ
আগুন, গরম তরল, বিদ্যুৎ, এসিড বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মতো বিভিন্ন কারণে শরীর পুড়ে যেতে পারে। প্রাথমিক চিকিৎসার পর রোগীর অবস্থা কিছুটা স্থিতিশীল বা সুস্থ মনে হলেও, পোড়াজনিত দীর্ঘমেয়াদি জটিলতা তৈরি হওয়ার ঝুঁকি সবসময় থেকে যায়। এই ধরনের জটিলতা প্রতিরোধ করতে এবং শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞের তত্ত্বাবধান ও সঠিক চিকিৎসাক্রম
পোড়া দুর্ঘটনার পর প্রথমে একজন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসকের নির্ধারিত চিকিৎসাক্রম–যেমন নিয়মিত ড্রেসিং, ওষুধ সেবন বা প্রয়োজনীয় অস্ত্রোপচার–যদি সঠিক সময়ে ও সঠিক পন্থায় সম্পন্ন করা হয়, তবে ভবিষ্যতে বড় ধরনের জটিলতা তৈরির আশঙ্কা অনেকাংশে কমে যায়।
পুনর্বাসন ও ফিজিক্যাল থেরাপির ভূমিকা
রোগীর ভরণপোষণ ও পূর্ণাঙ্গ পুনর্বাসন প্রক্রিয়ায় ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ এবং ফিজিওথেরাপিস্টের ভূমিকা অপরিহার্য।
l হাত-পা বা শরীরের বিভিন্ন জয়েন্টের বিকলাঙ্গতা প্রতিরোধে তারা নিয়মিত ব্যায়ামের নির্দেশ দিয়ে থাকেন।
l প্রয়োজনে অঙ্গপ্রত্যঙ্গ সঠিক অবস্থানে রাখতে স্প্লিন্ট (Splint) পরার পরামর্শ দেওয়া হয়।
অস্ত্রোপচার ও পরবর্তী সতর্কতা
পোড়াজনিত আঘাতের কারণে যদি হাত-পা বা আঙুল বাঁকা হয়ে যায়, তবে প্রাথমিক পর্যায়ে বিশেষ ব্যায়ামের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা হয়। তবে বিকলাঙ্গতা যদি গুরুতর রূপ নেয়, সে ক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে তা সংশোধন করতে হয় এবং অনেক সময় একাধিক সার্জারির প্রয়োজন পড়তে পারে।
l সার্জারির পর স্প্লিন্ট বা প্লাস্টারের মাধ্যমে আক্রান্ত অঙ্গ স্থির ও উঁচুতে রাখার নির্দেশনা মানতে হবে।
l চিকিৎসকের বলে দেওয়া নির্ধারিত ব্যায়ামগুলো নিয়মিত চালিয়ে যাওয়া বাধ্যতামূলক। অপারেশনের পর যদি ব্যায়ামের বিষয়ে অবহেলা করা হয়, তবে আগের মতো জটিলতা বা বিকৃতি পুনরায় ফিরে আসতে পারে।
পোড়া দুর্ঘটনার প্রথম পর্যায় থেকে শুরু করে সম্পূর্ণ পুনর্বাসন প্রক্রিয়াটি একজন বার্ন ও প্লাস্টিক সার্জনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করা উচিত। দীর্ঘমেয়াদে হাত-পা বা আঙুল বাঁকা অবস্থায় থাকলে তা স্থায়ী বিকৃতিতে রূপ নিতে পারে, যা পরে অস্ত্রোপচারের মাধ্যমে পুরোপুরি আগের মতো ফিরিয়ে আনা সম্ভব হয় না। তাই সঠিক সময়ে ভালো চিকিৎসা এবং নিয়মমাফিক ব্যায়ামের মাধ্যমে পোড়াজনিত এই জটিলতাগুলো কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।
[ বিশেষজ্ঞ চিকিৎসক]
- বিষয় :
- ডাক্তার