ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

তেলের দাম বাড়ার খবরেই দ্রব্যমূল্য বাড়ে, কমায় প্রভাব নেই

তেলের দাম বাড়ার খবরেই দ্রব্যমূল্য বাড়ে, কমায় প্রভাব নেই
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ৩০ আগস্ট ২০২২ | ২১:১৯

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে লাফিয়ে বেড়েছিল নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া। কিন্তু তেলের দাম কমার প্রভাব বাজারে নেই। ব্যবসায়ীরা বলছেন, দুই দফায় ডিজেলের দাম ৪৯ টাকা বাড়িয়ে মাত্র ৫ টাকা কমানোর সুফল সাধারণ মানুষ পাবে না। নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা নেই। তবে বাসের ভাড়া কমবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সচিব। ভাড়া নির্ধারণে আজ বুধবার বিকেলে বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে গত ৫ আগস্ট ডিজেলের দাম ৮০ থেকে বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৮৭ থেকে বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৮৯ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করে সরকার। গত নভেম্বরে ডিজেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয় একই যুক্তিতে।
৯ মাসের ব্যবধানে ডিজেলের দাম দুইবার বাড়ায় বাজারে আগুন লেগে যায়। চাল, ডাল, নুন, আটা, ডিম, শাকসবজি, মাংসসহ সব খাদ্যপণ্যের দাম বেড়েছে। বাসের ভাড়া দুই দফায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। পণ্য পরিবহনের ব্যয়ও বেড়েছে। কিন্তু ডিজেলের দাম ১১৪ থেকে ১০৯ টাকা হলেও এর প্রভাব বাজারে নেই। গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার, তেজকুনীপাড়া ও মালিবাগ এলাকা ঘুরে দেখা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সব জিনিসের দাম যেভাবে বেড়েছিল, সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ডিজেলের দাম দুইবারে যতটা বেড়েছে, কমেছে সে তুলনায় সামান্য। আর জিনিসপত্রের দাম একবার বাড়লে কমানো কঠিন।
বগুড়ার কৃষকের কাছ থেকে সবজি পাইকারি কিনে তা কারওয়ান বাজারে বিক্রি করেন মিলন মোল্লা। মাঝেমধ্যে গাবতলীর আড়তেও বিক্রি করেন। গতকাল তিনি সমকালকে জানান, ডিজেলের দাম বাড়ায় পাঁচ টনের ট্রাকের ভাড়া আগের চেয়ে ৪ থেকে ৫ হাজার টাকা বেড়েছিল। দাম ৫ টাকা কমলেও ভাড়া কমেনি। নানা ছুতায় তাঁরা ভাড়া বেশিই রাখছেন। ভাড়া না কমলে সবজির দাম কমবে না।

শরীয়তপুর ও ফরিদপুর থেকে রুই-কাতলাসহ বিভিন্ন ধরনের মাছ কারওয়ান বাজারে পাইকারি বিক্রি করেন আলী আহমেদ। সমকালকে তিনি জানান, পরিবহন ভাড়ার কারণে মাছের দাম মাসখানেক ধরে চড়া। ডিজেলের দাম কমলেও ট্রাকের ভাড়া কমেনি। ভাড়া না কমলে মাছের দাম কমবে না। রাজধানীর তেজকুনীপাড়া এলাকার চাল ব্যবসায়ী শাহ পরান ট্রেডার্সের স্বত্বাধিকার মাঈন উদ্দিন বলেন, আগে ট্রাকের ভাড়া কমতে হবে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি জসিম উদ্দিন মনে করেন, জ্বালানির দাম কমায় উৎপাদন ও পরিবহন খরচ কমবে। কৃষিতে সেচও আগের তুলনায় সাশ্রয়ী হবে। উৎপাদন ও পরিবহন যে হারে কমবে, সে হারে পণ্যের দাম কমাতে আহ্বান জানান তিনি।
তবে বাসের ভাড়া কমতে যাচ্ছে বলে জানা গেছে। ভাড়া কত কমবে, তা ঠিক করতে আজ বুধবার বিকেল ৫টায় বৈঠক করবে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, বৈঠকে ঠিক হবে ভাড়া কত কমবে।
সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। তিনি সমকালকে বলেন, ভাড়া কমাতে মালিকদের আপত্তি নেই। মালিকরা আগেও বলেছেন, তেলের দাম কমলে ভাড়া কমানো হবে। ভাড়া কত কমবে- তা সরকার নির্ধারণ করে দেবে। সরকার নির্ধারিত ভাড়া মেনে চলবেন মালিকরা।
গত ৬ আগস্ট ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে আড়াই টাকা এবং ৫১ আসনের দূরপাল্লার বাসে ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করা হয়। গত নভেম্বরে মহানগরের বাসের ভাড়া ৪৫ পয়সা এবং দূরপাল্লার ভাড়া ৩৮ পয়সা বেড়েছিল। ২০১৬ সালে ডিজেলের দাম লিটারে ৩ টাকা কমায় দূরপাল্লার বাস ভাড়া ৩ পয়সা কমানো হয়েছিল।

যেসব ব্যয় ধরে নভেম্বরে ও চলতি মাসের শুরুতে ভাড়া নির্ধারণ করা হয়েছিল, সেগুলো অপরিবর্তিত থাকলে মহানগরের বাসের ভাড়া কিলোমিটারে ৪ দশমিক ৬১ পয়সা এবং দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারে ৪ দশমিক ১১ পয়সা কমতে পারে।
পণ্য পরিবহন মালিক সংগঠনের নেতা রুস্তম আলী ও মকবুল আহমদ সমকালকে বলেন, ডিজেলে দাম যতটা কমেছে, তাতে ঢাকা-চট্টগ্রাম রুটে মাত্র ৩০০ টাকা খরচ কমবে বড় ট্রাক ও কাভার্ডভ্যানে। এতে জিনিসপত্রের দাম কমবে না।

আরও পড়ুন

×