অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র সংশোধন
শিক্ষা-স্বাস্থ্য ও কৃষির ভবন নির্মাণে ব্যয় করা যাবে
ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৫৩
চলতি অর্থবছরে সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে নতুন ভবন ও স্থাপনা নির্মাণে দেওয়া নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট নতুন আবাসিক, অনাবাসিক বা অন্যান্য ভবন ও স্থাপনা নির্মাণে অর্থ ব্যয় করা যাবে।
মঙ্গলবার আগের পরিপত্রের দুটি শর্ত সংশোধন করে নতুন করে প্রতিস্থাপনের কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
সংশোধিত সিদ্ধান্তে বলা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক বা অন্যান্য ভবন ও স্থাপনা নির্মাণ বন্ধ থাকবে। ফলে এসব খাতের ভবন নির্মাণে আগে দেওয়া নিষেধাজ্ঞা শিথিল হলো।
চলতি অর্থবছরের শুরুতে সরকারি পরিচালন ও উন্নয়ন ব্যয় কমাতে বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে অর্থ মন্ত্রণালয়। গত ৮ জুলাই জারি করা পরিপত্রে সরকারি অর্থে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার পাশাপাশি নতুন আবাসিক, অনাবাসিক বা অন্য যেকোনো ভবন ও স্থাপনা নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল। নতুন সংশোধনীর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট ভবন নির্মাণের ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।
তবে চলমান নির্মাণকাজের ক্ষেত্রে আগের সিদ্ধান্তই বহাল রয়েছে। কোনো নির্মাণকাজ ন্যূনতম ৭০ শতাংশ সম্পন্ন হয়ে থাকলে বাকি কাজ শেষ করার জন্য অর্থ বিভাগের অনুমোদন নিয়ে অর্থায়ন করা যাবে।
এদিকে ভূমি অধিগ্রহণ খাতেও অর্থ ব্যয়ের প্রক্রিয়া নির্ধারণ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ভূমি অধিগ্রহণের জন্য সরকারি সংস্থা প্রস্তাব দেওয়ার সময় জেলা প্রশাসকের চাহিদার পরিপ্রেক্ষিতে এ খাতে অর্থ বরাদ্দ রয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে প্রত্যয়ন দিতে হবে। এরপর জেলা প্রশাসকের প্রাথমিক প্রাক্কলন পাওয়ার পর দ্রুত অর্থ ছাড় করা হবে।
- বিষয় :
- অর্থ মন্ত্রণালয়