ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বেশির ভাগ কোম্পানির দর কমলেও বীমা খাতে বেড়েছে

বেশির ভাগ কোম্পানির দর  কমলেও বীমা খাতে বেড়েছে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২০

| প্রিন্ট সংস্করণ

সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকার শেয়ারবাজারের বেশির ভাগ কোম্পানির দর কমেছে। অন্য সব খাতের বেশির ভাগ শেয়ার দর হারালেও বীমা খাতের বেড়েছে। একই চিত্র ছিল তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতে।

গতকাল বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনযোগ্য ৩৫২ কোম্পানির মধ্যে ৩৪৯টির লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৫টির দর কমেছে, বেড়েছে ১১৮টির এবং অপরিবর্তিত ছিল ৪৮টির দর।
বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমার প্রভাব ছিল সূচকে। প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৮ পয়েন্ট হারিয়ে ৫৫৭৮ পয়েন্টে নেমেছে। কেনাবেচা হয়েছে ৭৫৬ কোটি টাকার শেয়ার, যা আগের দিন বুধবারের তুলনায় ৮৮ কোটি টাকা কম।

পর্যালোচনায় দেখা গেছে, বীমা খাতের তালিকাভুক্ত ৫৮ কোম্পানির মধ্যে ৪৩টির দর বেড়েছে। কমেছে আটটির দর। আট কোম্পানির দর কমার পরও বীমা খাতের শেয়ারদর পৌনে ২ শতাংশ হারে বেড়েছে।
একই চিত্র ছিল মেয়াদি মিউচুয়াল ফান্ড খাতে। বর্তমানে তালিকাভুক্ত ৩৩ মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে গতকাল ডিএসইতে দর বেড়েছে ২৩টির, কমেছে মাত্র একটির দর। এতে এ খাতের বাজারমূল্য গড়ে পৌনে ৩ শতাংশ বেড়েছে।

বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, মাঝে বীমা ও বস্ত্র খাতের কিছু কোম্পানির  দর উল্লেখযোগ্য হারে বেড়েছিল। এর মধ্যে বস্ত্র খাতের শেয়ারদর বৃদ্ধি বেশ আলোচনায় এসেছিল। এখন বস্ত্র খাতের শেয়ারদর কমছে। নতুন করে বীমা খাতের শেয়ারদর বাড়ছে।
কয়েকটি মিউচুয়াল ফান্ডের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। ফনিক্স ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ডের মধ্যে অন্যতম। ফান্ডটির দর গত পাঁচ মাসে আড়াই গুণ হয়ে ৫ থেকে ১৮ টাকায় উন্নীত হয়েছে। প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের দর ৭০ শতাংশ বেড়ে ২১ থেকে ৩৫ টাকা ছাড়িয়েছে।

ব্রোকারেজ হাউস-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন নিয়ে নানা অনুষ্ঠানে কথা বলেছেন। কারসাজি চক্রগুলো বিএসইসির চেয়ারম্যানের কথাকে পুঁজি করে কয়েকটি ফান্ডের বাজারদর অস্বাভাবিক হারে বাড়ানোর চেষ্টা করছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সূত্র জানিয়েছে, এর মধ্যে মিউচুয়াল ফান্ডের বাজারদর বৃদ্ধির নেপথ্যের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 
ডিএসইর লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, বীমা ও মিউচুয়াল ফান্ড খাতের বাইরে রুগ্‌ণ কিছু শেয়ারের দর উল্লেখযোগ্য হারে বেড়েছে। যেমন– রুগ্‌ণ কোম্পানি সিএনএ টেক্সটাইলের শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে। সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে ওঠার পর বিক্রেতাশূন্য থাকার পরও এ কোম্পানির দেড় কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকা সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের দর প্রায় ১০ শতাংশ বেড়েছে। পরের অবস্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ারদরও প্রায় ১০ শতাংশ বেড়ে তৃতীয় অবস্থানে ছিল। দর বৃদ্ধির শীর্ষ ২০ কোম্পানির মধ্যে দর বৃদ্ধি পাওয়া রুগ্‌ণ ও বন্ধ কোম্পানিগুলো হলো তুংহাই নিটিং, এমারেল্ড অয়েল, ফারইস্ট লাইফ, এস আলম স্টিল মিলস, দুলামিয়া কটন, জাহীন স্পিনিং, নূরানী ডাইং, রিজেন্ট টেক্সটাইল, খুলনা প্রিন্টিং।

আরও পড়ুন

×